ভালো মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে হবে
………ডা. জেআর ওয়াদুদ টিপু

সাহেদ হোসেন দিপু
ব্যাপক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে হাইমচরে কেভিএন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু।
তিনি তার বক্তব্যে বলেন, শুধু ভাল ফলাফল করলেই হবে না। ভাল মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে হবে। আগামি দিনের প্রজন্ম তোমরাই, তোমাদের হাত ধরেই দেশ সামনের দিকে এগিয়ে যাবে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলাকেও গুরুত্ব দিতে হবে। খেলাধুলা শরীর ও মনকে ভাল রাখে। জননেত্রী শেখ হাসিনা বর্তমান নিয়ে ভাবেন না, তিনি ভবিষ্যৎ নিয়ে ভাবেন। ভবিষ্যতে যেন শিক্ষার্থীরা তাদের পড়ালেখার মান, পরিবেশ সুন্দর থাকে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, আপনারা আপনাদের সন্তানদের প্রতি সুদৃষ্টি রাখবেন, যাতে কোন শিক্ষার্থী খারাপ পথের দিকে ধাবিত না হয়। আপনাদের সন্তানদের পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করতে হবে।
গতকাল রোববার বিকেল ৪টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আতিকুর রহমান পাটওয়ারীর পরিচালনায় ও শিক্ষক সৈয়দ আহমেদ পাটওয়ারীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজান মিয়া, জেলা যুবলীগ যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, হাইমচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, হাইমচর থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম খাঁন, মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন প্রধানীয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আমিন পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনি।
এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
