কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় জেলায় প্রথম হাজীগঞ্জের হাফেজ মো. সাজ্জাদ

হাজীগঞ্জ ব্যুরো
ইত্তেহাদুল হুফফাজ সংগঠনের আয়োজনে পবিত্র কোরআন মাজিদ তেলওয়াত প্রতিযোগিতায় ২০ পারায় চাঁদপুর জেলায় প্রথম হয়েছেন হাজীগঞ্জের হাফেজ মো. সাজ্জাদ হোসেন। সে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের আহম্মদ গ্রামের মুক্তিযোদ্ধা হাজি আবু তাহেরের নাতি ও সোহরাব হোসেন জিসানের ছেলে এবং চাঁদপুর কোড়লিয়া মারকাজুল হাফেজিয়া মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী।
জানা গেছে, ইত্তেহাদুল হুফফাজ সংগঠন হাজীগঞ্জের আয়োজনে গত রোববার (১৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ মাঠে পবিত্র কোরআন মাজিদের হাফেজদের অংশগ্রহণে ৫ পারা, ১০ পারা, ১৫ পারা, ২০ পারা, ২৫ পারা ও ৩০ পারা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন মাদরাসা থেকে ২০ পারায় প্রায় ২৫০ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
এর মধ্যে চাঁদপুর কোড়লিয়া মারকাজুল হাফেজিয়া মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী হাজীগঞ্জের সাজ্জাদ প্রথম স্থান অর্জন করে। এদিকে সাজ্জাদ জেলায় প্রথম স্থান অর্জন করায় তার পরিবার খুব খুশি। তারা সাজ্জাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সবার দোয়া কামনা করেন। সে যেন বড় হয়ে একজন ভালো আলেম হতে পারে।
উল্লেখ্য, এ প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে জেলার প্রায় ৩ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।

২১ ফেব্রুয়ারি, ২০২৩।