চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে হবে

সজীব খান
চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা তখনি সফল হবে, যখন সভার সব প্রস্তাব বাস্তবায়ন হবে। অনেকগুলো সিদ্ধান্ত আজ নেয়া হয়েছে। আগামিতে সেসব সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রতিটি দপ্তরে যার-যার কাজ সঠিকভাবে করলে উন্নয়ন সমন্বয় সভার সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হবে। যারা প্রশাসনের কর্মকর্তা রয়েছেন তাদের কাজের মাধ্যমে চাঁদপুরবাসীর যেন উপকার হয়, এ মানসিকতা নিয়ে কাজ করার অনুরোধ জানাই। বিদ্যুতের স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করতে হবে। রোজাদারদের যেন কষ্ট না হয় সেদিক খেয়াল রাখবেন। ইফতার তারাবিহ ও সাহরির সময় যেন বিদ্যুতের ঘাটতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
জেলা প্রশাসক বলেন, পরিকল্পনা করতে হবে সব কিছু বুঝে। অবাস্তব পরিকল্পনা করে কোন লাভ হবে না। এজন্য আমাদের বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করতে হবে।
সড়ক বিভাগ সম্পর্কে তিনি বলেন, চাঁদপুর সড়ক বিভাগের অধীনে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো বর্ষা মৌসুমের আগে সংস্কার করা হবে। সড়ক বিভাগের উপর যে অবৈধ স্থাপনা রয়েছে তা অবিলম্বে উচ্ছেদ করতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, সিভিল সার্জন ডা. শাহাদাৎ হোসেন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ ওয়াদুদ, স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, ফরিদগঞ্জ পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী, প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্ল্যাহ প্রমুখ।

২০ ফেব্রুয়ারি, ২০২৩।