
প্রেস বিজ্ঞপ্তি :
বিদ্যুতের দামবৃদ্ধির প্রতিবাদে ও চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে গণতান্ত্রিক বাম মোর্চা ও সিপিবি-বাসদের ৩০ নভেম্বর সকাল ৬ থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল সফল করার আহ্বানে চাঁদপুরে বিক্ষোভ সমাবেশ ও প্রচারণা মিছিল শহরের নতুন চিত্রলেখা মোড়, বিপণীবাগ বাজার ও চাঁদপুর বাসস্ট্যান্ড মোড়ে অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক শাহাজাহান তালুকদার, সিপিবি জেলা সাধারণ সম্পাদক কমরেড জাকির হোসেন মিয়াজি, বাসদ (মার্কসবাদী) জেলা কমিটির সদস্য কমরেড আজিজুর রহমান, কমরেড জি এম বাদশা, হারুনুর রশীদ, জাহাঙ্গীর হোসেন, গিয়াসউদ্দিন বাবু, নজরুল ইসলাম।
বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, এই সরকারের আমলে বিদ্যুতের দাম ৮বার বৃদ্ধি করেছে যেখানে আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম কয়েকগুণ কমলেও দেশে কমানো হয়নি, বিশ্ববাজারের সাথে সংগতি রেখে দাম কমানো হলে বিদ্যুৎ উৎপাদন খরচ কমানো সম্ভব ছিল। কিন্তু সরকার তা করেনি।
নেতৃবৃন্দ আরো বলেন, গত দশ বছরে ৬ লাখ কোটি টাকা লোপাট করে কোটি কোটি টাকা বিদেশ পাচার করে তার দায়ভার জনগণের ঘাড়ে চাপিয়ে দিয়ে চালের দাম, পেঁয়াজের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, তেল-গ্যাস-বিদ্যুতের দাম দফায় দফায় বৃদ্ধি করেছে। এর পাশাপাশি বিদ্যুতের সিস্টেম লসের নামে চুরি দুর্নীতি বন্ধ না করে প্রি-প্রেইড মিটার সংযোগের নামে জনগণকে হয়রানি করছে। সরকারের এই নীতিহীন সিদ্ধান্ত বাতিলের দাবিতে গণতান্ত্রিক বামমোর্চার সিপিবি-বাসদের ডাকা আগামিকাল বৃহস্পতিবার সকাল ৬ থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধদিবস হরতালে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
