‘গণপরিবহনের অভ্যন্তরে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনী’ বিষয়ে মতবিনিময়

সবার সুবিধার্থে গণপরিবহনের অভ্যন্তরেও রেজিস্ট্রেশন নম্বর বসাতে হবে
……..পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান


স্টাফ রিপোর্টার
চাঁদপুরে ‘গণপরিবহনের অভ্যন্তরে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনী’ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের বাসস্ট্যান্ড এলাকায় সাংবাদিক, পরিবহন মালিক, চালক, শ্রমিক ও সুধীজনদের নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করে চাঁদপুর জেলা ট্রাফিক পুলিশ বিভাগ।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান। তিনি বক্তব্যে বলেন, আমরা যখন কোথাও দূরে ভ্রমণ করতে যাই তখন গাড়ির ভিতরে থেকে বুঝতে পারি না গাড়িটির নম্বর কত। কারণ সাধারণত একটি পরিবহনের রেজিস্ট্রেশন নম্বর সামনে এবং পিছনে থাকে। আমি নিজেও একবার পরিবহনে চলাকালীন সময়ে ডাকাতির শিকার হয়েছিলাম। কিন্তু গাড়ির অভ্যন্তরে কোন নম্বর না থাকায় বলতে পারিনি। তাই সার্বিক সুবিধার্থে গণপরিবহনের মালিকদের গাড়ির অভ্যন্তরে রেজিস্ট্রেশন নম্বর লাগানো খুবই প্রয়োজন। তাই আমার আহ্বান থাকবে আপনারা এই কাজটি এখন থেকে শুরু করবেন।
চাঁদপুর মাস মালিক সমিতির সভাপতি শোয়েবুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. মিজানুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী।
এ সময় চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শহীদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক লক্ষ্মন চন্দ্র সূত্রধর, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন, জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া চাঁদপুরের সিনিয়র সাংবাদিক ও পরিবহন শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।