গন্ধর্ব্যপুর উত্তরে মাছ চাষ বৃদ্ধিতে মাঠ দিবস

হাজীগঞ্জ ব্যুরো
মৎস্য অধিদপ্তরের ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ (এনএটিপি-২) প্রকল্পের আওতায় হাজীগঞ্জে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে উপস্থিত থেকে মৎস্য চাষিদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শামসুল আলম পাটওয়ারী।
সভাপতির বক্তব্যে মো. শামসুল আলম পাটওয়ারী বলেন, মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের চতুর্থতম দেশ। এই সাফল্যে এসেছে মৎস্য চাষিদের আন্তরিকতা, পরিশ্রম এবং ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম প্রকল্পের কারণে। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকলে মৎস্য উৎপাদনে বাংলাদেশ আরো এগিয়ে যাবে। এতে মৎস্য চাষিদের আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন হবে।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং ক্ষেত্র সহকারী মুহম্মদ মাহবুবুর রহমানের পরিচালনায় মাঠ দিবসের অনুষ্ঠানে মৎস্য চাষিদের ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) প্রকল্প সম্পর্কে ধারণা, উন্নত প্রযুক্তির প্রদর্শনী বিষয়ক চাষ পদ্ধতি, মৎস্য চাষি সমিতির সদস্যদের মাসিক সঞ্চয়সহ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।
এছাড়া ইউনিয়ন পর্যায়ে মৎস্য উৎপাদন বৃদ্ধি, মৎস্য ও মৎস্যজাত পণ্য বিতরণে বাজার সহায়তা, পরিবেশগত ও সামাজিক কার্যক্রম, উৎপাদন দল, বাজারজাতকরণ দল, পরিবেশ ও সমাজ দল, মৎসজীবী, মৎস্যচাষি, পোনা ও রেনু উৎপাদনকারীর বিভিন্ন সমস্যা ও সমাধান এবং সম্ভাবনাসহ নানা বিষয়ে আলোচনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শামসুল আলম পাটওয়ারী।
এ সময় আরো বক্তব্য রাখেন গন্ধর্ব্যপুর উত্তর ইউপির প্যানেল চেয়ারম্যান-১ মো. আলমগীর হোসেন পাটওয়ারী, ইউপি সদস্য মো. খোরশেদ আলম, ইউনিয়ন লিফ মো. মফিজুর রহমান সিআইজি ও নন সিআইজি সদস্যরা। অনুষ্ঠানে ওই ইউনিয়নের মাছ চাষি ও মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।