
হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নবগঠিত কার্য-নির্বাহী কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ। গতকাল সোমবার বিকালে উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের স্থানীয় কাশিমপুর বাজারে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
হাজীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান টুটুলের সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম। এরপর লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ভুইয়া শিফো।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি বিল্লাল হোসেন বেলালকে সভাপতি ও সুলতান আহমেদ বাবুলকে সাধারণ সম্পাদক করে ইউনিয়ন বিএনপির কার্য-নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থদের সাথে কোন প্রকার মতবিনিময় এবং যোগাযোগ ছাড়া গোপনে এ পকেট কমিটি অনুমোদন দেয়া হয়। যা সংবাদপত্রের মাধ্যমে আমরা জানতে পারি।
পরবর্তীতে উক্ত কমিটির বিষয়ে ইউনিয়ন নেতৃবৃন্দ অনাস্থা জানিয়ে উপজেলা নেতৃবৃন্দকে জানান এবং সম্মেলন অথবা ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করে কমিটি পুনর্গঠন করার আহ্বান জানান। এ বিষয়ে উপজেলা নেতৃবৃন্দ কমিটি পুনর্গঠনের কথা বলে নতুন কমিটি অনুমোদন দিবে বলে আমাদেরকে আশ্বস্ত করেন। কিন্তু এ পর্যন্ত কমিটি করা হয়নি। তাই উল্লেখিত অযোগ্য ও গ্রহণযোগ্যতাহীন গোপন ও পকেট কমিটিকে ইউনিয়ন নেতৃবৃন্দ একযোগে অবাঞ্ছিত ঘোষণা করে এবং সম্মেলন অথবা ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করে নতুন কমিটি গঠনের আহবান জানান।
প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য খালেকুজ্জামানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে মৌখিক বক্তব্যে তারা বলেন, আমরা শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান। আমাদের হাজীগঞ্জ-শাহরাস্তির নেতা ইঞ্জি. মমিনুল হক। আমরা তার সাথে আছি এবং থাকবো। আমাদের এ সংবাদ সম্মেলন ইঞ্জি. মমিনুল হকের বিরুদ্ধে নয়, যারা পকেট কমিটি করেছে, তাদের বিরুদ্ধে।
এ সময় ইউনিয়ন নেতৃবৃন্দ নতুন কমিটির গঠনের আহ্বান জানিয়ে শ্লোগান দিতে থাকেন এবং সম্প্রতি গঠিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে, তাদের সব কার্যক্রম প্রতিহতের ঘোষণা দেন।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফজলুল হক কালু, সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম মাস্টার, ইউনিয়ন বিএনপি নেতা আবু বকর, মতিউর রহমান বাবুল, মজিবুর রহমান, হারুন অর রশিদ, শাহআলম, বিল্লাল হোসেন, নূর আলম, মফিজুল ইসলাম, আব্দুল হাকিম, জয়নাল আবেদীন, মো. বিলাল হোসেন, জাফর আহমেদসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট বিল্লাল হোসেন বেলালকে সভাপতি ও সুলতান আহমেদ বাবুলকে সাধারণ সম্পাদক করে গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট কার্য-নির্বাহী কমিটির অনুমোদন দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক চৌধুরী মোহন। যা গত ১৬ সেপ্টেম্বর স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত হয়।
২৪ সেপ্টেম্বর, ২০১৯।
