গুয়াখোলা সপ্রবি’র বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের সারা বছর খেলাধুলা করার সুযোগ করে দিতে হবে। এতে করে তাদের শরীর ভালো থাকে এবং পড়ালেখায় মনোযোগী করে তুলে। তাদের শুধুমাত্র পাঠ্যবইয়ের শিক্ষা দিলেই হবে না নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। তাদের আমাদের মহান স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হবে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছে। কিন্তু পরাজিত শক্তিদের কারণে বঙ্গবন্ধু তার স্বপ্নপূরণ করতে পারেনি। বর্তমানে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একদিন উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ এমএ বারী খানের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাহাব উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার।
শিক্ষক শাহানারা বেগমের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসিনা ইয়াসমিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজমা বেগম, ইউআরসি’র ইনস্ট্রাক্টর ছাদেক হোসেন, সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মানছুর আহম্মেদ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, পৌরসভার কাউন্সিলর মো. নাছির আহমেদ চোকদার, নারী কাউন্সিলর ফরিদা ইলিয়াছ, বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক কমিটির সভাপতি আলহাজ শবে বরাত সরকার, সাংবাদিক শাহ আলম মল্লিক প্রমুখ।