হাজীগঞ্জে একুশে বইমেলার উপলক্ষে প্রস্তুতি সভা

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে একুশে বই মেলার আয়োজন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে স্থানীয় একটি হোটেলে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলায় তৃতীয়বারের মতো আয়োজিত ৫ দিনব্যাপী আয়োজিত একুশে বই মেলার পাশাপাশি থাকছে র‌্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা উপলক্ষে হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ১৭ সদস্যবিশিষ্ট মেলা উদযাপন কমিটি গঠন করেছে। রয়েছে কয়েকটি উপ-কমিটি। মেলা উদযাপন কমিটির আহ্বায়ক হিসেবে এবারো হাসানুজ্জামান হাসান ও সদস্য সচিব সাংবাদিক মনিরুজ্জামান বাবলুই থাকছেন।
৫ দিনব্যাপী এ মেলায় দুপুর আড়াইটা থেকে রাত ৯ টা পর্যন্ত স্টলগুলো খোলা থাকবে। পাশাপাশি হাজীগঞ্জ, শাহরাস্তি ও কচুয়া উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে। মেলার প্রথম দিনেই রাত ৮টায় থাকছে নাটকের গ্রুপ টিম মাস্তি সংগঠনের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়া থাকছে সাংবাদিক মনিরুজ্জামান বাবলুর সমাজের অবক্ষয় তুলে ধরে পুলিশের দায়িত্বশীল ভূমিকা অবলম্বনে ঘটনার পিছনের ঘটনা নিয়ে চিত্রায়িত নাটক প্রেমারা। নাটকটি শনিবার রাত ৮টার পর মেলা মঞ্চে প্রজেক্টরের মাধ্যমে উন্মোচিত হবে।
এ বিষয়ে মেলা উদযাপন কমিটির আহ্বায়ক হাসানুজ্জামান হাসান বলেন, এবার একুশে বই মেলায় একজন আদর্শ মা, একজন আদর্শ শিক্ষক, সেরা সাংবাদিক, সেরা কণ্ঠ শিল্পী, সেরা নৃত্য শিল্পী মনোনীত করে সম্মাননা স্মারক দেয়া হবে। প্রতিবছর একুশে বই মেলায় এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবে হাজীগঞ্জ সাহিত্য-সংস্কৃতি পরিষদ।
হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন বলেন, সংগঠনের মাধ্যমে হাজিগঞ্জ উপজেলায় সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখা আমাদের চেষ্টার প্রয়াস। ২০০৫ সাল থেকে প্রতিষ্ঠিত এ পরিষদ ২০০৯ সাল থেকে ধারাবাহিকভাবে হাজীগঞ্জ উপজেলায় বৈশাখী উৎসব একুশে বইমেলা ও হাজীগঞ্জ হানাদার মুক্ত দিবস বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।
হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি মাহবুবুল আলম চুন্নু বলেন, একটি সমাজ পরিবর্তনে সাংস্কৃতিক ও সাহিত্যের বড় অবদান। সত্য সুন্দর ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের পথচলা। হাজীগঞ্জ উপজেলার শিক্ষক, সাংবাদিক ও সাহিত্য বিকাশে এক ঝাঁক গুণী ব্যক্তিদের নিয়ে গঠিত এ সংগঠন। সকলের সহযোগিতা নিয়ে প্রতি বছরের মতো এবারো একুশে ফেব্রুয়ারি দুপুর ২টা থেকে আনুষ্ঠানিকভাবে একুশে বইমেলার উদ্বোধন করা হবে।