চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী পদক পেলেন ৭ লেখক

স্টাফ রিপোর্টার
মধ্যযুগের কিংবদন্তি পুঁথি সাহিত্যিক, চাঁদপুরের কৃতী সন্তান কবি দোনাগাজীর নামে প্রবর্তিত ‘চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী পদক-২০২৯’ প্রদান করা হয়েছে। ১৬ শতকের এই পুঁথিশিল্পীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এ বছর মোট ৭ জনকে দেয়া হয় দোনাগাজী পদক-২০১৯। গত শুক্রবার চাঁদপুরের রসুইঘর চাইনিজ রেস্টুরেন্টে এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ পদক ঘোষণা করেন কবি শিউলী মজুমদার।
এরআগে চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালক কবি রফিকুজ্জামান রণির স্বাক্ষরিত পত্রের মাধ্যমে লেখকদের বিষয়টা অবগত করানো হয়। কথাসাহিত্যে মনি হায়দার, গবেষণা সাহিত্যে এ এস এম ইউনুছ, সার্বিক সাহিত্যে মোস্তফা হায়দার, কবিতায় অনু ইসলাম, লিটলম্যাগ সম্পাদনায় সুমন কুমার দত্ত, সংগীতে মোহাম্মদ ইউসুফ এবং বাচিকশিল্পে জেরিন সিঁথি এ পদক অর্জন করেন। এছাড়া শিক্ষাবিস্তারে প্রশংসনীয় ভূমিকা রাখায় পথশিশুদের স্কুল আলোর দিশারীর শিক্ষকদের দেয়া হয় বিশেষ সম্মাননা।
চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি কবি নুরুন্নাহার মুন্নীর সভাপতিত্বে এবং রাসেল ইব্রাহীমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখে পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ নাজমুল হক কামাল। উদ্বোধকের বক্তব্য রাখেন বিশিষ্ট লোক-গবেষক প্রকৌশলী দেলোয়ার হোসেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন উদযাপন পরিষদের আহ্বায়ক কবি আসাদুল্লা কাহাফ, সদস্য সচিব কবি খোরশেদ আলম বিপ্লব, সহ-সভাপতি আয়েশা আক্তার রুপা, তথ্য পরিচালক আবদুল বারেক খান ও কবি ডিকে সৈকত।
বিশিষ্ট গিটার শিল্পী দিলীপ ঘোষের মনোমুগ্ধকর গিটার পরিবেশনার মধ্য দিয়ে অন্ষ্ঠুানের শুভ সূচনা হয়। কবিতা আবৃত্তি করেন কবি ফেরারি প্রিন্স, জেরিন সিঁথি, সংগীত পরিবেশন করেন নন্দিতা দাস।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট গণসংগীত শিল্পী মনোজ আচার্যী, বাংলা টিভির জেলা প্রতিনিধি মোরশেদ আলম, ফোকাস মোহানার প্রতিনিধি শাহরিয়া পলাশ, সাংবাদিক রিফাত কান্তি সেন, প্রথম আলো বন্ধুসভার জেলা সভাপতি জান্নাতুল ফেরদাউ সুপ্ত, খোলা কাগজ একারোজনের সাধারণ সম্পাদক রিমি মজুমদার, আফসানা আক্তার তন্নি, নাজমুল ইসলাম, ফারজানা পপি, আরিফুল ইসলাম শান্ত, কবি রহমত হোসেন সাগর, তানজিলা তাবস্সুম, সুজন, জামশেদ, ফারিয়া, পূজা প্রমুখ।
আয়োজক প্রধান জেমকন পুরস্কারপ্রাপ্ত কবি রফিকুজ্জামান রণি জানান, গুণিজন সম্মাননার পাশাপাশি চর্যাপদ সাহিত্য একাডেমি প্রত্যেক বছর অন্তত দুইবার পুরস্কার দেয়ার চেষ্টা করবে- চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার এবং দোনাগাজী পদক। চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার-২০১৯ মাস কয়েক আগেই দেয়া হয়েছে। পেয়েছিলেন শামস সাঈদ, নূরুল ইসলাম ফরহাদ, ম. নূরে আলম পাটওয়ারী ও স্বপন রক্ষিত (মরণোত্তর)।
তাছাড়া অস্কারে মনোনয়নপ্রাপ্ত ভারতের খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক অমিতাভ ভট্টাচর্য্যকেও আমরা সম্মাননা প্রদান করেছি। পূর্ব ঘোষণার অংশ হিসেবে এবার প্রদান করা হলো দোনাগাজী পদক-২০১৯। সবার আন্তরিকতা, সহযোগিতা এবং ভালোবাসা থাকলে আগামীতেও এ ধারা অব্যাহত রাখতে চাই আমরা। এবারের অনুষ্ঠানটি উৎসর্গ করা হলো বাংলাসাহিত্যের প্রবাদপুরুষ, চাঁদপুরের কৃতীজন লেখক যাযাবরকে।