শাহ্ আলম খান
চাঁদপুরে ইলিশ সংরক্ষণে আবারো সাঁড়াশি অভিযান চালিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার (৩০ অক্টোবর) ভোর থেকে পদ্মা ও মেঘনা নদীতে এবং দুর্গম চরাঞ্চলের জেলে পল্লীতে এই অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের টের পেয়ে কয়েক হাজার জেলে এলাকা ছেড়ে পালিয়েছে। এতে আকাশপথে বাংলাদেশ বিমানবাহিনীর একটি হেলিকপ্টার এবং নদীতে লঞ্চ স্পিডবোটসহ একাধিক নৌযান অংশ নেয়। অভিযানে নেতৃত্ব দেন নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি মোল্লা নজরুল ইসলাম, পুলিশ সুপার সফিকুল ইসলাম (অপারেশন), পুলিশ সুপার আকম আক্তারুজ্জামান বসুনিয়া, পুলিশ সুপার মাসুমা আক্তার, পুলিশ সুপার মিনা মাহমুদা, নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার ফরিদ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভীন (মিডিয়া), চাঁদপুর জেলা পুলিশ এবং মৎস্য বিভাগের কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই শতাধিক সদস্য।
ভোর ৪টায় এই অভিযানে অংশ নেয়া সদস্যরা চাঁদপুর সদরের দুর্গম চর, রাজরাজেশ্বর এবং মতলব উত্তরের বোরোরচর এলাকায় পৌঁছে কয়েকশ’ মাছ ধরা নৌকা ও জাল পুড়িয়ে ধ্বংস করে দেয়।
অভিযান শেষে পুলিশ সুপার সফিকুল ইসলাম জানান, শুক্রবার একদিনে মাত্র ৮ ঘণ্টার অভিযানে ২শ’ ৬৮টি মাছ ধরার নৌকা এবং প্রায় ৫ কোটি মিটার অবৈধ কারেন্টজাল জব্দ করা হয়। পরে আগুনে পুড়িয়ে এসব ধ্বংস করে দেয়া হয়েছে। আগামি দিনগুলোতেও এমন অভিযান অব্যাহত রাখা হবে।
এদিকে ব্যাপক প্রস্তুতি নিয়ে ভোররাতে এমন সাঁড়াশি অভিযান শুরু হওয়ার আগেই এসব এলাকার কয়েক হাজার জেলে তাদের জাল, নৌকা এবং বসতবাড়ি ছেড়ে গাঢাকা দেয়। অন্যদিকে একটানা দীর্ঘ ৮ ঘণ্টা অভিযান শেষে সকাল ১১টায় তা সমাপ্ত ঘোষণা করা হয়।
এর আগে গত রোববার চাঁদপুর সদরের রাজরাজেশ্বরের ছিরারচর ও শিলায়েরচর নামক স্থানে নৌ-পুলিশ ও জেলেদের সাথে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় অতিরিক্ত পুলিশ সুপারসহ ১৩জন আহত হয়েছে। মারমুখী জেলেদের নিয়ন্ত্রণে আনার জন্য এবং পুলিশ সদস্যরা আত্মরক্ষায় প্রায় ৪৭ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করতে সক্ষম হয়। এই ঘটনার পর থেকে অভিযান আরো জোরদার করা হয়।
১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত প্রজনন মৌসুম শুরু হওয়ায় ইলিশ সংরক্ষণে নদীতে সবধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।
০১ নভেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরের জেলে পল্লীতে পুলিশের আবারো সাঁড়াশি অভিযান
