১০ টাকা কেজি চালের তালিকা
সজীব খান
হতদরিদ্রদের জন্য সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরে চাল বিতরণের জন্য আগের ১০ টাকা কেজি দরের কার্ডগুলো অনলাইনে ডাটা এন্ট্রি করার জন্য সরকারি নির্দেশনা দিয়েছে। আর এ সুযোগকে কাজে লাগিয়ে চাঁদপুর সদর উপজেলার সব ইউনিয়নের অধিকাংশ ওয়ার্ডের পুরনো অনেক কার্ড পরিবর্তন করে নতুন ব্যক্তিদের নামে অনলাইনে ডাটা এন্ট্রি করা হয়েছে।
সরকার অনলাইনে ডাটা এন্ট্রি করার ঘোষণা দিলে চাঁদপুরের অধিকাংশ ইউপি সদস্যরা নতুন তালিকা করে অনেক অসহায়, রিক্সাচালক, দিনমজুর পরিবারের নাম পরিবর্তন করেন। সরকার প্রবাসী, মৃত, স্থান পরিবর্তন ও আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে এমন লোকদের নাম পরিবর্তন করার জন্য নির্দেশনা দিয়েছে। কিন্তু চাঁদপুরের অনেক ইউপিতে সরকারের নির্দেশনাকে অমান্য করে অনলাইনে ডাটা এন্ট্রি করার সময় নতুন নতুন পরিবারকে অন্তঃর্ভুক্ত করেছে। এদের মধ্যে অনেক স্বচ্ছল পরিবারকে অন্তঃর্ভুক্ত করেন তারা। চাঁদপুরের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্যরা তাদের প্রছন্দের ব্যক্তিদের নাম অনলাইনে এন্ট্রি করেছেন। নির্বাচনের সময় অনেকে তাদের ভোট না দেওয়ার কারণে এ কার্ড পরিবর্তন করেছে বলেও ভুক্তভোগীরা জানিয়েছে। রিক্সাচালক, দিনমজুরসহ অনেক অসহায় পরিবারের নাম পরির্তন করে নতুনভাবে তালিকা করে অনলাইন করেছেন।
চাঁদপুর খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের তথ্যমতে, চাঁদপুরে ৮ হাজার ৭শ’ ৩৬ জন হতদরিদ্রদের কার্ড রয়েছে। তারা প্রত্যেকেই দিনমজুর, অসহায় ও রিক্সাচালক।
শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড় শাহতলী গ্রামের মৃত কুট্টি মনা গাজীর ছেলে রিক্সাচালক বিল্লাল গাজী, কানা বিল্লাল, ভড়ঙ্গারচর গ্রামের রফিক গাজী, শফিক গাজী, আশিকাটির সালমা বেগমসহ অসংখ্য অসহায় পরিবারের নাম পরিবর্তনের অভিযোগ রয়েছে। স্ব-স্ব ওয়ার্ড সদস্যরা তাদের ইচ্ছেমত এমন কাজ করেছে।
শাহমাহমুদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য শাহাদাত মিজি জানান, আগের কিছু কার্ড রেখে বাকিগুলো পরিবর্তন করেছি। কোন ক্ষমতা বলে করেছেন- জানতে চাইলে তিনি কিছুই বলেনি। ৩১ আগস্ট পর্যন্ত কার্ডগুলো অনলাইনে ডাটা এন্ট্রি করার সময় বেঁধে দেওয়া হয়েছে। কিন্তু চাঁদপুরে এমন কোন ওয়ার্ড নেই যে, যেখানে অসহায় দিনমজুরের নাম পরিবর্তন করা হয়নি। এসব বিষয়ে অভিযোগ রয়েছে, অনেক চেয়ারম্যানকে না জানিয়েই ওয়ার্ড সদস্যরা তাদের ইচ্ছেমত নাম পরিবর্তন করেছে।
চাঁদপুরের খাদ্য নিয়ন্ত্রক মোখলেছুর রহমান বলেন, প্রবাসী, স্থান পরিবর্তন, আর্থিক অবস্থার উন্নতি- তাদের নাম পরিবর্তন করার জন্য চেয়ারম্যানদের বলা হয়েছে। অসহায় দিনমজুরের কার্ড পরিবর্তন করার সুুযোগ নেই। এখন থেকে ১০ টাকা কেজি চাল ১৫ টাকা দরে উপকারভোগীরা পাবেন।
এ বিষয়ে চাঁদপুর সদর ইউএনও (অতিরিক্ত দায়িত্ব) ফাহমিদা হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, সরকার ১০ টাকা কেজি দরের তালিকা হালনাগাদ করার নির্দেশনা দিয়েছে এবং অনলাইনে ডাটা এন্ট্রি করার জন্য প্রতিটি ইউপি চেয়ারম্যানকে বলা হয়েছে। কার্ডগুলো হালনাগাদ করার জন্য তাদের সরকারি নির্দেশনাও বলা হয়েছে।
৩১ আগস্ট, ২০২২।
