স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলার ৫৭টি নিবন্ধিত সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠন এবং ৫৩ জন ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৫৭টি সংগঠনের প্রতিনিধি ও ৫৩ জন গরিব, অসহায় ও দুঃস্থ ব্যক্তির হাতে ঐ অনুদানের চেক তুলে দেওয়া হয়।
জানা যায়, চাঁদপুর জেলা প্রশাসন ও চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে ২০২১-২০২২ অর্থ বছরে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত ৬৩টি নিবন্ধিত সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠনকে ১৮ লাখ ৪৮ হাজার টাকার সাধারণ অনুদান এবং ৬ জন ব্যক্তিকে ৩৬ হাজার টাকার বিশেষ অনুদানের চেক প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক কামরুল হাসান উপস্থিত ছিলেন। তিনি তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, যে, স্বেচ্ছাসেবী সংগঠনের অনুদান দেয়ার উদ্দেশ্য হচ্ছে স্বেচ্ছাসেবকদের উদ্বুদ্ধ করা। একই সাথে সংগঠনের কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং করতে হবে। প্রধানমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে গরিব, অসহায় ও দরিদ্র রোগীদের চিকিৎসার জন্য সহায়তা করছেন। তাঁর জন্য সবাই দোয়া করবেন, তিনি যেন সুস্থ থাকেন এবং মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন। জেলা প্রশাসক সব রোগীর সুস্থতা কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আক্তার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এআরএম জাহিদ হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার।
পরে জেলা প্রশাসক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং গরিব, অসহায় ও দুঃস্থ ব্যক্তিদের হাতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে অনুদানের চেক হস্তান্তর করেন।
৩১ আগস্ট, ২০২২।
