চাঁদপুরে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির সভা

বেদে সম্প্রদায়কে পুনর্বাসন করতে সরকার প্রশিক্ষণ দিচ্ছে
…………. আবু নঈম পাটওয়ারী দুলাল

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
তিনি তার বক্তব্যে বলেন, সরকারের পক্ষ থেকে বেদে সম্প্রদায়কে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। তাদের প্রয়োজনে আরো প্রশিক্ষণ দেয়া হবে। তাদের পুর্নবাসনের জন্য সরকার নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রী দিয়েছেন। বিশেষ করে সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন দেয়া হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে তাদের আরো সুযোগ-সুবিধা দেয়া হবে।
তিনি আরো বলেন, সরকার দেশের প্রতিটি ক্ষেত্রে কাজ করছে। এসব বিষয় সাধারণ মানুষ জানেন না। আমাদের বিষয়গুলো মানুষের কাছে তুলে ধরতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ শওকত ওসমান বলেন, বেদে সম্প্রদায়ের মধ্যে বাল্যবিয়ের প্রবণতা রয়েছে। এই সম্প্রদায়ের যারা নেতা তারা অনেক সময় একাধিক বিয়ে করেন। এইসব বিষয়গুলো প্রশিক্ষণ এবং তাদের সাথে আলোচনার মাধ্যমে সচেতন করে তুলতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়ার বক্তব্যে বলেন, বেদে সম্প্রদায়ের যারা নৌকাতে বসবাস করেন। আমরা তাদের জন্য জায়গা দেখছি। তাদের সরকার পুনর্বাসন করবে। সরকার সব নাগরিককে তার প্রাপ্য অধিকার দেয়ার চেষ্টা করছে।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রঞ্জিত শুভ সরকারের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক গোলাম আজমের পরিচালনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা কারাগারের সুপার মো. মাঈনুদ্দিন ভূঁইয়া।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, পুলিশ পরিদর্শক মো. নাজমুল। বেদে সম্প্রদায়ের পক্ষে নেত্রী বেগম, শিমলা আক্তার, জেসমিন বেগম, দেবা দাস, উত্তম চন্দ্র দাস প্রমুখ।