চাঁদপুরে আওয়ামী মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


স্টাফ রিপোর্টার
চাঁদপুরে আলোচনা সভা ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বুধবার জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আ. মালেক দেওয়ান বলেন, মৎস্যজীবীরা কিছু কুচক্রী মহলের জন্য তাদের অধিকার থেকে বঞ্চিত। তারা সরকারের দিক-নির্দেশনায় ইলিশ প্রজনন মৌশুমসহ বিভিন্ন অভিযানে মাছ ধরা থেকে বিরত থাকে। কিন্তু ঐ সময়গুলোতে তাদের জন্য সরকার চাল দেয়াসহ বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখলেও কতিপয় প্রভাবশালীরা মৎস্যজীবীরা সেই সরকারি চাল দেয়ায় নানা অনিয়ম করে তাদের অধিকার থেকে বঞ্চিত করছে। এর মাধ্যমে ওই প্রভাবশালীরা জননেত্রী শেখ হাসিনা সরকারের ভাবমূর্তি নষ্ট করতে পাঁয়তারা করছেন।
তিনি আরো বলেন, মৎস্যজীবীরা কারো ফেলনা পুতুল নয়। তারা জীবনের ঝুঁকি নিয়ে নদীতে মাছ ধরে মানুষের আমিষের চাহিদা পূরণ করছে। তাই মৎস্যজীবীদের ন্যায্য অধিকার আদায়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জেলা মৎস্যজীবী লীগ সাধারণ সম্পাদক মো. মানিক দেওয়ানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ-আলম মল্লিক, সহ-সভাপতি ওমর আলী প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ মিজি, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর সর্দার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক তছলীম বেপারী, মৎস্যজীবী হাজি আনোয়ার হোসেন গাজী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক মো. সফিক গাজী, জেলা মৎস্যজীবী লীগ নেতা কামাল দেওয়ান, মুক্তার আহমেদ দর্জি, লতিফ দেওয়ান, মিজান পাটওয়ারী প্রমুখ।