স্টাফ রিপোর্টার
আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্যকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। গত মঙ্গলবার (৩০ মার্চ) দুপুর ২টায় চাঁদপুর সদর মডেল থানায় পুলিশ প্রেস ব্রিফিং করা হয়। গত ২৮ ও ২৯ মার্চ যাত্রাবাড়ি থানা পুলিশের সহায়তায় তাদের আটক করে চাঁদপুরে নিয়ে আসে পুলিশ।
এ সময় অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার, চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ, পরিদর্শক (তদন্ত) সুজন কান্তি বড়ুয়া, পরিদর্শক (ইন্টেলিজেন্স) মো. মনির আহাম্মদ, উপ-পরিদর্শক মো. রাশেদুজ্জামান, আওলাদ হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আটকরা হলো- করাটিতোলা যাত্রাবাড়ি এলাকার হাড্ডি হিমু (২২), আরিফ হোসেন (২০), কামাল খন্দকার (১৯), উদ্দমগঞ্জ সোনারগাঁও এলাকার সিফাত আহমেদ রাসেল (২৩), কুমিল্লা দাউদকান্দি নয়ননগর এলাকার ইমন হোসেন (২০)। তবে চোর চক্রের মূল হোতা কিশোরগঞ্জের বাজিতপুর থানার বলিয়াদী গ্রামের রফিকুল হাসানের ছেলে ইফতেখারুল হাসান সাঈদ (২৪) কে যাত্রাবাড়ি থানা পুলিশ আটক করে। বর্তমানে সে জেলহাজতে রয়েছে।
জানা যায়, চাঁদপুর শহরে ইদানিং দিনে দুপুরে বেশ কয়েকটি বাসা বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। তারই সূত্র ধরে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবদুর রশীদকে পুলিশ সুপার মো. মিলন মাহমুদ দিকনির্দেশনা দিলে সেই নির্দেশ অনুযায়ী পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন কান্তি বড়ুয়া ও উপ-পরিদর্শক রাশেদুজ্জামান তথ্য প্রযুক্তি ব্যবহার করে চোর চক্রের সদস্যদের সনাক্ত করেন। পরে পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন কান্তি বড়ুয়া ও উপ-পরিদর্শক রাশেদুজ্জামান এবং আওলাদ হোসেন গত ২৮ মার্চ রাতে ঢাকার যাত্রাবাড়ি থানার করাটিতোলা এলাকায় অভিযান পরিচালনা করে ৫ জনকে আটক করে থানায় নিয়ে আসে। গত ১৫ ফেব্রুয়ারি ও ৩০ মার্চ চাঁদপুর সদর মডেল থানায় দু’টি মামলা দায়ের করা হয়। যার নং-২৮ ও ৬৯।
ভুক্তভোগী মমিনপাড়া এলাকার সালাউদ্দিন জানায়, গত ৭ ফেব্রুয়ারি হাজেরা নিবাসের ৪র্থ তলার ভাড়া বাসা থেকে ১৮ ভরি স্বর্ণ, নগদ আড়াই লাখ টাকা ও ২টি ক্রেডিট কার্ড নিয়ে যায়। অপর ভুক্তভোগী জোড়পুকুর পাড় এলাকার পারভেজ ভূঁইয়া রাজু জানায়, গত ২৫ ফেব্রুয়ারি সিরাজ খানের ৫ তলা ভাড়া বাসা থেকে ১০ ভরি স্বর্ণ ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার জানান, গত ২৯ মার্চ রাতে চাঁদপুর শহরের পালকী হোটেল থেকে আসামি কালাম ও আরিফকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী হিমু, রাসেল ও ইমনকে ঢাকা থেকে আটক করা হয়। আরিফ ও ইমনের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় ডিএমপির বিভিন্ন থানায় ৫টি এবং হাড্ডি হিমুর বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে।
০১ এপ্রিল, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্য আটক
