মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগ দিচ্ছেন মোমেনা আক্তার। আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) তিনি আনুষ্ঠানিকভাবে তার দায়িত্বভার বুঝে নিবেন বলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে। এর আগে তিনি চট্টগ্রামের বাশঁখালী উপজেলায় নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেন।
এদিকে গত ৯ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত এক প্রজ্ঞাপনে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়াকে পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সিনিয়র সহকারী প্রধান (সিনিয়র সহকারী সচিব) হিসেবে বদলী করা হয়। তিনি হাজীগঞ্জে প্রায় সাড়ে তিন বছর সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
জানা গেছে, ইউএনও মোমেনা আক্তার এর আগে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার ও ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি পদোন্নতি পেয়ে ২০১৮ সালের ১০ জুলাই বাঁশখালী উপজেলার ইউএনও হিসেবে যোগদান করেন।
০১ এপ্রিল, ২০২১।
