চাঁদপুরে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার
‘মহামারী করোনা প্রেক্ষাপটে প্রতিবন্ধী ব্যক্তিকে সম্পৃক্ত করি নতুনভাবে টেকসই বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় স্বাস্থ্যবিধি মেনে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে এবং বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের সহযোগিতায় ২৯তম আন্তর্জাতিক ও ২২তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ জামাল হোসেন। তিনি সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের পক্ষ থেকে শারীরিক প্রতিবন্ধী ৫ ব্যক্তিকে হুইল চেয়ার এবং ২ জন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে স্মার্ট সাদাছড়ি বিতরণ করেন। সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন।
বিতরণ করার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মিয়া ফিরোজ আহমদ খান, শহর সমাজসেবা কর্মকর্তা মো. মাহমুদুল হক, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন চন্দ্র নন্দী, কনসালট্যান্ট ফিজিওথেরাপি মো. মেহেদী হাসানসহ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মীবৃন্দ।
০৭ ডিসেম্বর, ২০২০।