শাহ আলম খান
চাঁদপুর-কক্সবাজারের মধ্যে বেসরকারি উদ্যোগে অত্যাধুনিক মানের বিলাসবহুল শীতাতপ নিয়ন্ত্রিত সৌদিয়া কোচ সার্ভিসের ৫৬ সিটের এসি বাসের উদ্বোধন করা হয়েছে। গত শনিবার (৫ ডিসেম্বর) রাত পৌনে ১১টায় এ সৌদিয়া কোচের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু ও পৌর মেয়র অ্যাড. মো. জিল্লুর রহমান জুয়েল।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদিয়া কোচ সার্ভিসের চট্টগ্রামস্থ জেনারেল ম্যানেজার মো. মোরশেদ আলম ও চাঁদপুরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ।
উপস্থিত ছিলেন অ্যাড. আবু সাঈদ, বাস মালিক মো. মফিজ উদ্দিন সরকার, মো. হারুন-অর-রশিদ (জাকির), চাঁদপুর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. বাবুল হোসেন মাঝি, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন মুন্সি, সাবেক সভাপতি মো. ফারুক দেওয়ান, সহ-সভাপতি আহম্মদ হোসেন মাঝি, ৯নং ওয়ার্ড পৌর কাউন্সিলর মো. চাঁন মিয়া মাঝি, ওহেদুর রহমান বাবু প্রমুখ।
উল্লেখ্য, চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের পাশে শহরের পুরাতন বাস টার্মিনাল মাইক্রোস্ট্যান্ড এলাকায় সৌদিয়া কোচ সার্ভিসের অফিসের সামনে থেকে বিলাসবহুল এ কোচ প্রতিদিন ছেড়ে যাবে। এ কোচ সার্ভিসের কারণে চাঁদপুর থেকে কক্সবাজার বাসে সরাসরি যাওয়ার সুযোগ সৃষ্টি হলো। সৌদিয়া পরিবহনের এসি বাসে চাঁদপুর থেকে কক্সবাজার যেতে সময় লাগবে প্রায় ৮ ঘণ্টা। আর এজন্য একজন যাত্রীকে ভাড়া দিতে হবে ৭শ’ টাকা। এছাড়া এ কোচের মাধ্যমে কক্সবাজার ছাড়াও টেকনাফ, বান্দরবান, কাপ্তাই, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি যাওয়া যাবে বলে জানান কর্তৃপক্ষ।
০৭ ডিসেম্বর, ২০২০।
