স্টাফ রিপোর্টার
‘দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে’ দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচি পালন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা। গত বৃহস্পতিবার (৩ জুন) বেলা ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মো. জয়নাল আবেদিন সভাপতির বক্তব্যে বলেন, দেশে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠান খেলা নিয়ে একপ্রকার নিশ্চুপ রয়েছেন, নিয়মিত বেতন-ভাতা গ্রহণ করে। অপরদিকে বেসরকারি ও প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা ধুঁকে-ধুঁকে মরছে আয়-রোজগার বন্ধ থাকায়। অনেক শিক্ষক আত্মহত্যার পথে বেছে নিয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান খেলা নিয়ে সরকারের টালবাহানা ও শিক্ষকদের বেতন ভাতা বন্ধ থাকায়।
তিনি আরো বলেন, দেশে বিগত লকডাউন শেষে নিয়ম মেনে কওমী মাদরাসা খোলা থাকলেও কোন প্রকার আক্রান্ত কিংবা আতঙ্কের খবর আসেনি। সরকার যদি শিক্ষাবান্ধব হোন তাহলে অনতিবিলম্বে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে আগামির কান্ডারী শিক্ষার্থীদের শিক্ষিত ও আদর্শিক করে গড়ে তোলার পথকে উন্মুক্ত করে দিবেন।
তিনি সরকারের প্রতি প্রশ্ন রেখে বলেন, করেনাকালে সবধরনের প্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠান কেন বন্ধ থাকবে? শিক্ষা খাতকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে, শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক অধ্বঃপতন ঠেকাতে বেসরকারি ও প্রাইভেট শিক্ষকদের কর্মে ফেরাতে অবিলম্বে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান তারা।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি গাজী মুহাঃ হানিফ, জয়েন্ট সেক্রেটারী বেলাল হোসাইন, অর্থ সম্পাদক মামুনুর রশিদ বেলাল, আইন সম্পাদক অ্যাড. শফিক উদ্দিন মিঞা, জেলা সদস্য মাও. যোবায়ের আহমাদ, শ্রমিক আন্দোলন সভাপতি মাও. আফসার উদ্দিন, সদর সভাপতি ডা. বেলাল হোসাইন, জেলা কিন্ডার গার্টেন সভাপতি মুহা. ওমর ফারুক, যুব আন্দোলন সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ইশা ছাত্র আন্দোলন সভাপতি সেলিম হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আন্দোলন সাংগঠনিক সম্পাদক শাহজামাল গাজী সোহাগ, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাহবুব ইমরান মাসুম, শ্রমিক আন্দোলন সেক্রেটারী আবুল বাশার, যুব আন্দোলন সভাপতি হেলাল আহমাদ, সাংগঠনিক সম্পাদক নেছার উদ্দিনসহ আরো অনেকে।
০৫ জুন, ২০২১।
