হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১ বিষয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৩ জুন) সকালে উপজেলা ই-সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আকতার।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস.এম সোয়েব আহমেদ চিশতীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবু সাঈদ চৌধুরী, রাজারগাঁও ইউপির চেয়ারম্যান আলহাজ আবদুল হাদি, বাকিলা ইউপির চেয়ারম্যান মাহফুজুর রহমান পাটওয়ারী ইউসুফ, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মহিউদ্দিন আল আজাদ প্রমুখ।
সভায় স্বাস্থ্যবিধি মেনে সারা দেশের মতো হাজীগঞ্জ উপজেলাতেও জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্ত জাতীয় পুষ্টিসেবা (এনএনএস) ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত দেশব্যাপী ‘জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬-১১ মাস বয়সী শিশুদের এক লাখ আইইউ মাত্রার একটি নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের দুই লাখ মাত্রার একটি লাল ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলার সবগুলো ইপিআই কেন্দ্র এবং স্থায়ী স্বাস্থ্যকেন্দ্র গুলোতে প্রতিদিন এই ক্যাম্পেইন পরিচালিত হবে।
অনুষ্ঠানে সরকারি দপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও চিকিৎসক, অন্যান্য ইউপি চেয়ারম্যান, জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
০৫ জুন, ২০২১।
