চাঁদপুরে উদ্যোক্তাদের মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন


আমরা নিজেদের মান সম্পর্কে অসচেতন
….মো. মাজেদুর রহমান খান

স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেছেন, আমাদের মূল সমস্যা হচ্ছে আমরা আমাদের মান যতটুকু সেটা ঠিকমত মাপতে পারছি না। আমরা আমাদের নিজেদের মান সম্পর্কে অসচেতন। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ‘তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি’ এই শ্লোগান নিয়ে মাসব্যাপী উদ্যোক্তাদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিশ্বের কয়েকটি দেশের মধ্যে ভারত, চীন ও ভিয়েতনাম গেলে বুঝা যায় আমাদের দুর্বলতার কথা। সমাজে দুইটি উপায়ে বা দুই রকমের দক্ষতায় টাকা আহরণ করা যায়। একটি হচ্ছে নিজের কৌশল বা বুদ্ধি খাঁটিয়ে, আরেকটি হচ্ছে বাঁকা পথের মাধ্যমে। তবে বাঁকা পথের মানুষদের সমাজের সাদাসিধে আলোতে সমর্থন পায় না।
তিনি প্রশিক্ষণ নিতে আসা উদ্যোক্তাদের উদ্দেশে বলেন, আপনাদের এই প্রশিক্ষণে বিশেষ কোন যাদু শেখানো হবে না, তবে ঠিকমত এই প্রশিক্ষণে আপনারা অংশ নিলে আপনারা একেকজন মহান যাদুকর হতে পারবেন। সেশনে যা প্রশিক্ষণ দেয়া হবে তা আপনারা পুরোপুরিভাবে নিজের আয়ত্তে নিবেন। তাহলে আপনারা অবশ্যই সাফল্য পাবেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন চাঁদপুর টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ ড. সিরাজুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শহিদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক লক্ষন চন্দ্র সূত্রধর প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন উদ্যোক্তা দৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের (ইসডিপি) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর জেলা প্রশিক্ষক মো. তাজুল ইসলাম।

১৬ সেপ্টেম্বর, ২০১৯।