চাঁদপুরে এ বছর ভিটামিন এ ক্যাপসুল পাবে ৩ লাখ ২০ হাজার ৮২৮ শিশু

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৯ জুন) বেলা ১১টায় চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাহাদাৎ হোসেন।
কর্মশালায় জানানো হয়, চাঁদপুর জেলায় এবার ৬-১১ মাস বয়সী ৩৬,২৩০ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫০ মাস বয়সী ২,৮৪,৫৯৮ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। গতবছর চাঁদপুর জেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের অর্জনের হার ছিল ৯৯ ভাগ।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের বাস্তবায়নে এবং চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এ কর্মশালায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করে।
এসময় সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহাদাৎ হোসেন বলেন, এবার ১২ থেকে ১৫ জুন তিন দিনব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে। গত বছরগুলোতে বিভিন্ন সময়ে দেখা গেছে যে আমাদের ক্যাম্পেইন চলাকালীন সময়ে যেসব রোগী সাধাণনত অন্যান্য রোগে আক্রান্ত হয়ে মারা যায়। একটি মহল কিছু না বুঝে এবং সত্যটা না জেনেই ভিটামিন এ প্লাস নিয়ে বিভিন্ন মন্তব্য করে গুজব ছড়িয়ে দেন।
এতে করে সাধারণ মানুষ শিশুদের এ প্লাস খাওয়ানোর ক্ষেত্রে উৎসাহ কমে যায়। তাই আমি বলবো ক্যাম্পেইন চলাকালীন সময়ে যদি কোন শিশু রোগী অন্যান্য সাধারণ রোগে মারা যায় সেক্ষেত্রে আপনারা বিন্দু পরিমাণ বিচলিত হবেন না। বিভ্রান্তি ছড়ানো গুজবে কান না দিয়ে আপনারা শিশুদেরকে ভিটামিন এ প্লাস খাওয়াবেন।
চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রহিম বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, শহীদ পাটওয়ারী, শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, এএইচএম আহসান উল্লাহ্ প্রমুখ।

১২ জুন, ২০২২।