
প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে দেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে
— ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম এমপি
পুলিশ-জনগণের দূরত্ব কমাতে কমিউনিটি পুলিশিংয়ের সৃষ্টি
——আইজিপি এ কে এম শহীদুল হক
এস এম সোহেল :
‘পুলিশই জনতা-জনতাই পুলিশ’ এ শ্লোগানে চাঁদপুরে কমিউনিটি পুলিশিংয়ের র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় জেলা কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে শহরের ইলিশ চত্বর এলাকায় জাতীয়, পুলিশ ও কমিউনিটি পুলিশিং পতাকা উত্তোলন, শান্তির পায়রা অবমুক্তকরণ ও বেলুন উড়িয়ে র্যালি উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম এমপি ও বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম। পরে র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সমাবেশ স্থলে গিয়ে শেষ হয়। সমাবেশস্থলে কমিউনিটি পুলিশিং নিয়ে পুলিশের ইন্সপেক্টর জেনারেল এ কে এম শহীদুল হকের লেখা গান পরিবেশন করে পুনাক শিল্পীরা। পরে অতিথিদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেন কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম এমপি বলেন, ১৯৯৮ সালে চাঁদপুরে মাত্র ২শ’ লোক দিয়ে কমিনিউটি পুলিশিংয়ের যাত্রা শুরু। ২০১৭ সালে ২৩ হাজার কমিউনিটি পুলিশ সদস্য রয়েছে। এতে করে পুলিশের কাজ অনেকটা সহজ হয়ে গেছে। চাঁদপুরে এমন কোন গ্রাম-মহল্লা নেই সেখানে কমিউনিটি পুলিশিং কার্যক্রম নেই।
তিনি আরো বলেন, যোগ্য ও সৎ কর্মকর্তা থাকলে কোন অপকর্ম থাকে না। তেমনি এসপি শামসুন্নাহার আসার পর চাঁদপুরে বাল্য, বিবাহ, সন্ত্রাস ও জঙ্গিবাদ একেবারে কমে গেছে। আমরা অন্যায়কে সহযোগিতা করব না। প্রশাসনকে সহযোগিতা করে দেশকে এগিয়ে নিয়ে যাবো।
মন্ত্রী বলেন, বাংলাদেশে আশ্রয় নেয়া ১৩ লাখ রোহিঙ্গাকে খাওয়ানো চাট্টিখানি কথা নয়। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে। গত আড়াই মাসে এক জন রোহিঙ্গা না খেয়ে বা চিকিৎসার অভাবে মরে নাই।
তিনি রোহিঙ্গার বিষয় নিয়ে বেগম জিয়ার উদ্দেশে বলেন, বিদেশে চিকিৎসার নামে কি পরিকল্পনা করেছেন, তা আল্লাহ ভাল জানেন। তিনি সুস্থ রাজনীতিতে ফিরে আসুক- এটা আমাদের কামনা। রোহিঙ্গাদের ত্রাণের নামে দুই ঘণ্টার রাস্তা ৭ দিন আটকে রেখে মানুষের ভোগান্তির সৃষ্টি করেছেন। নিজের গাড়ি লোকদের দিয়ে ভেঙে, সাংবাদিকদের পিটিয়ে সরকারের উপর দোষ চাপিয়ে নাটক তৈরি করেছেন। শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। চলতি বছরে ৫টি ভয়াবহ বন্যা আমরা মোকাবেলা করেছি। বাংলাদেশ বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, ২০১৮ সালের মধ্যে একটি ঘর বিদ্যুৎহীন থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। আসুন আরেকবার নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখি।
প্রধান আলোচকের বক্তব্যে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এ কে এম শহীদুল হক বলেন, চাঁদপুরের মানুষ অত্যন্ত ন¤্র, ভদ্র ও মার্জিত। তাদের সাথে কাজ করে আনন্দ আছে। কারণ তারা সব সময় পুলিশকে সহায়তা করেন। কমিউনিটি পুলিশিং মূলত আমি এ চাঁদপুর থেকে শুরু করি। পুলিশ-জনগণের দূরত্ব কমিয়ে আনতেই কমিউনিটি পুলিশিংয়ের সৃষ্টি। যে সমাজে অপরাধ দমনে ঘাটতি থাকে, সেই সমাজে সামাজিক ব্যাধিগুলো বৃদ্ধি পাবে।
তিনি বলেন, জনগণ দেশের মালিক। আমরা জনগণের সেবক। জনগণের ট্যাক্সের টাকায় আমাদের বেতন। প্রতিটি নাগরিকের মধ্যে সামাজিক দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকে সমাজ রক্ষায় পুলিশ জনতা এক হয়ে কাজ করবে। পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশ দিয়ে সমাজ থেকে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাসসহ সামাজিক ব্যাধি দূর করা হচ্ছে। একে অপরের বিপদে এগিয়ে আসলে অপরাধীরা অপরাধ করতে সাহস পাবে না। আমি রাষ্ট্রের কাছ থেকে নেবো, কিন্তু দেব না- সেটা হতে পারে না। আমাদের সাথে কাজ করুন। আমরা আপনাদের পাশে সব সময় থাকবো।
পুলিশ সুপার ও কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির প্রধান উপদেষ্টা শামসুন্নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. এম এম মনির-উজ-জামান বিপিএম, পিপিএম, পুলিশ সদর দপ্তরের ডিআইজি (এ্যাডমিনিস্ট্রেশন এন্ড ডিসিপ্লিন) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন পিপিএম, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাসুদ হোসেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ ওয়াদুদ ও স্বাধীনতা প্রদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী।
জেলা কমিউনিটি পুলিশিংয়ের প্রচার সম্পাদক গিয়াস উদ্দিন মিলন ও পৌর কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক শাহেদুল হক মোর্শেদের যৌথ পরিচালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং সভাপতি ডা. একিউএম রুহুল আমিন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, হাজীগঞ্জ পৌর মেয়র আ স ম মাহবুবুল আলম লিপন, শাহরাস্তি উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি অধ্যাপক সালেহ উদ্দিন আহমেদ জিন্নাহ, বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন গাজী বিল্লাল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাও. আব্দুর রহমান। গীতা পাঠ করেন অধ্যক্ষ কবিরাজ সুখরঞ্জন ব্রহ্মচারী।
বাংলাদেশ পুলিশের ইন্সেপেক্টর জেনারেল এ কে এম শহীদুল হক গতকাল দুপুর আড়াইটায় চাঁদপুর মডেল থানার নতুন ভবনের উদ্বোধন এবং বিকেলে ৩টায় পুরাণবাজার মধুসূদন হাইস্কুল মাঠে মাদক, বাল্যবিবাহ ও জঙ্গিবাদ বিরোধী ফুটবল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
