চাঁদপুরে করোনা রোগীদের সেবায় ৬০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান

মোহাম্মদ হাবীব উল্যাহ্
করোনাভাইরাসে আক্রান্ত রোগিদের অক্সিজেন সেবা প্রদানের লক্ষ্যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আই.ই.বি) ও ম্যাক্স গ্রুপের যৌথ উদ্যোগে চাঁদপুর সদর হাসপাতাল, শাহারাস্তি, হাজীগঞ্জ ও কচুয়া উপজেলার ৬০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। এর মধ্যে ২৫টি চাঁদপুর সদর হাসপাতাল এবং শাহরাস্তি উপজেলায় ১০টি, হাজীগঞ্জ উপজেলা ১০টি এবং কচুয়া উপজেলায় ১৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়।
বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাওয়ার সেলের ডিজি, আইইবি’র সহ-সভাপতি ও হাজীগঞ্জ উপজেলার কৃতী সন্তান প্রকৌশলী মোহাম্মদ হোসাইনের সার্বিক সহযোগীতায় এই অক্সিজেন সহায়তা প্রদান করা এই ৬০টি অক্সিজেন সিলিন্ডার রোববার দুপুরে চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসের হাতে অনানুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
এ সময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, বর্তমানে চাঁদপুরে করনা পরিস্থিতি ভালো না। আমরা যদি সচেতন না হই, তবে এটি আরও ভয়াবহ রূপ ধারণ করবে। বর্তমানে করোনা রোগী বেড়ে যাওয়ায় অক্সিজেনের সংকট চলছে। এ থেকে উত্তরণের ইতিমধ্যে সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংগঠন এবং ব্যক্তি পর্যায়েও অনেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
তিনি বলেন, আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের পক্ষ থেকে চাঁদপুরবাসীর জন্যে ৬০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। এটি নিঃসন্দেহে একটি মহতি উদ্যোগ এবং ভালো কাজ। এর মাধ্যমে কিছুটা হলেও আমরা উপকৃত হবো। আমি এজন্য আই.ই.বি ও ম্যাক্স গ্রুপের সকলকে আন্তরিক ধন্যবাদ ও চাঁদপুরবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায়ে ধনাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানিয়ে জেলা প্রশাসক বলেনে, চাঁদপুরের অনেক ধর্নাঢ্য ব্যক্তি রয়েছেন। আমি অনুরোধ করবো, এই দুর্যোগে আপনারা মানুষের পাশে দাঁড়ান। আমরা সকলে যদি মানবিক দিক বিবেচনা করে যার যার অবস্থান থেকে সম্মিলিতভাবে এগিয়ে আসি, তাহলে এই সংকট থেকে সহজে উত্তরণ করা সম্ভব।
অক্সিজেন সিলিন্ডার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও চাঁদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইউনুছ হোসেন বিশ্বাসসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এ কার্যক্রমে সহযোগিতা করেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শিবলু।
০১ আগস্ট, ২০২১।