স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের প্রধান বাণিজ্যিক এলাকা পুরাণবাজারে শিশু নিরবকে গাড়ি চাপা দেওয়ায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) রাতেই শিশুর বাবা নাছির মাঝি চাঁদপুর সদর মডেল থানায় বাদী হয়ে অগ্রণী ব্যাংকের গাড়ি চালক মনির হোসেনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার নং- ৩০। চালক মনির হোসেন চাঁদপুর শহরের খলিশাডুলী এলাকার মৃত জুলফু প্রধানিয়ার ছেলে।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন জানান, শিশু নিহতের ঘটনায় গাড়িচালক মনির হোসেনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, চাঁদপুরের প্রধান বাণিজ্যিক এলাকা পুরাণবাজার নতুন রাস্তায় যান চলাচলের ব্যস্ততম রাস্তার উপর গড়ে ওঠা অবৈধ কাচা বাজারে গত রোববার সকাল ১১টায় অগ্রণী ব্যাংকের গাড়ি চাপায় নিরব নামে ৬ বছরের এক শিশু নিহত হয়। এসময় এলাকার কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা একত্রিত হয়ে অগ্রণী ব্যাংকের (ঢাকা মেট্টো-ঘ ১৩-৪৬৭৮) পাজেরো গাড়িটি ভাংচুর এবং গাড়ির চালক মুনিরকে মারধর করে। তবে গাড়িতে থাকা ৩ বস্তা টাকা অক্ষত অবস্থায় রক্ষা করা হয়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী আব্দুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন, পরিদর্শক (তদন্ত) মো. হারুনুর রশিদ, পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলমসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
১৭ নভেম্বর, ২০২০।
