হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ইনতিহা ইসলাম ইভা নামের ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকালে হাজীগঞ্জ পৌরসভাধীন ৭নং ওয়ার্ডের বদরপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ইভা ওই গ্রামের মো. ইব্রাহিম মিয়ার মেয়ে।
জানা গেছে, এদিন বিকালে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু ইভা। পরে চারদিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটিকে বাড়ির পুকুর পানিতে ভাসতে দেখে, পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এদিকে ইনতিহা ইসলাম ইভার মৃত্যুতে তার পরিবার ও আত্মীয়-স্বজনসহ ওই বাড়িতে শোকের ছায়া নেমে আসে।
এ ব্যাপারে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আহমেদ তানভীর হাসান জানান, হাসপাতালে আনার আগেই শিশু ইনতিহা ইসলাম ইভার মৃত্যু হয়।
১৭ নভেম্বর, ২০২০।
