প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুরে মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের আয়োজনে ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় ন্যাশনাল চাইল্ডহুড ব্লাইন্ডনেস প্রজেক্ট (এনসিবিপি) এর আওতায় গতকাল মঙ্গলবার রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ওরিয়েন্টশন অন পেডিয়াট্রিক প্রাইমারী আই কেয়ার ফর স্কুল টিচার্স’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় রামগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মো. দৌলতুর রহমানের সভাপতিত্বে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন শিক্ষক-শিক্ষিকা এবং ১০ জন সরকারি স্বাস্থ্যকর্মী অংশগ্রহণ করেন।
দুই পর্বে অনুষ্ঠিত কর্মশালায় উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন রামগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। তিনি তার বক্তব্যে বলেন, প্রান্তিক পর্যায়ে চক্ষু চিকিৎসা সেবা বৃদ্ধির লক্ষ্যে মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের এই ধরনের মহতী উদ্যোগের প্রসংশা করেন। বিশেষায়িত চক্ষু হাসপাতালগুলোর মধ্যে এটি অন্যতম একটি হাসপাতাল যেখানে উন্নত চিকিৎসা সেবা প্রদানের উদ্দেশ্যে দাতা সংস্থাসমূহের সহযোগিতায় বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয় এবং যথোপযুক্ত সুবিধাভোগীদের চিহ্নিত করে প্রয়োজনীয় সেবা প্রদান নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি বদ্ধপরিকর। তিনি এ ধরনের কর্মশালা আয়োজনের জন্য হাসপাতালের কার্যনির্বাহী পরিষদকে এবং অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশকে শিশুদের চক্ষু চিকিৎসার ক্ষেত্রে যুগোপোযুগী সহযোগিতা প্রদান করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গুনময় পোদ্দার।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে হাসপাতালের ম্যানেজার (এডমিনিস্ট্রেশন) শামীম খানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের কার্যনির্বাহী পরিষদের অবৈতনিক সাধারণ সম্পাদক এম এ মাসুদ ভূইয়া।
মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের বাস্তবায়িত প্রকল্পসমূহের প্রশংসা করেন উপজেলা শিক্ষা অফিসার মো. দৌলতুর রহমান।
কর্মশালার দ্বিতীয় অধিবেশনে চোখের গঠন ও কাজ এবং চোখের বিভিন্ন রোগ এবং দৃষ্টিশক্তি পরীক্ষা ও চক্ষু স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অংশগ্রহণকারীদের ভূমিকা শীর্ষক মাল্টিমিডিয়া উপস্থাপনাসহ বিভিন্ন গ্রুপ ওয়ার্কের মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন হাসপাতালের চীফ কনসালটেন্ট ডা. মো. আনোয়ার হোসেন শেখ।
কর্মশালায় অংশগ্রহণকারী প্রত্যেক প্রশিক্ষণার্থীকে ব্যাগ, স্বাস্থ্য সহায়িকা, ফ্লীপ চার্ট, ভিশন চার্ট ও বিভিন্ন প্রশিক্ষণ উপকরণ প্রদান করা হয়েছে এবং ভিশন চার্ট ব্যবহারের মাধ্যমে দৃষ্টিত্রুটি সনাক্তকরণের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে চক্ষু স্বাস্থ্য পরিচর্যা শীর্ষক কর্মশালা
