চাঁদপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চাঁদপুর জেলা ছাত্রলীগ। বুধবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।
চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খানের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাড. হেলাল হোসাইন, পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল মালেক শেখ, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান শামনু, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজওয়ান, পৌর ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ সোহেল রানা, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন আহমেদ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটওয়ারী।
বক্তারা বলেন, যুগে যুগে ডা. দীপু মনি সৃষ্টি হয়নি। দীপু মনি একবারই সৃষ্টি হয়। কেউ অন্যায়ভাবে যদি তার বিরুদ্ধে মিথ্যাচার করে তাহলে আমরা চাঁদপুর জেলা ছাত্রলীগ দাঁতভাঙ্গা জবাব দেব। পদ্মা সেতু হওয়ার আগেই বিশ্বব্যাংক দুর্নীতি হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করে। যা মিথ্যা হিসেবে প্রমাণিত হয়। তেমনি করে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণ না হওয়ার আগেই বলা হয়েছে দুর্নীতি হয়েছে। যা মিথ্যা বানোয়াট ও ষড়যন্ত্রমূলক। ছাত্রলীগ রাজপথে ছিল, রাজপথে থাকবে। আর রাজপথেই জবাব দিবে।
মিছিলে জেলা, উপজেলা, শহর, ইউনিয়ন, ওয়ার্ড ছাত্রলীগের সাবেক ও বর্তমান হাজারো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

২৭ জানুয়ারি, ২০২২।