চাঁদপুরে জমইয়তে হিযবুল্লাহর জেলা সম্মেলন ও ঈছালে ছওয়াব মাহফিল

যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি তারা হলেন হক্কানি পীর মাশায়েখ
…………….ছারছীনার পীর



স্টাফ রিপোর্টার
চাঁদপুরে জমইয়াতে হিযবুল্লাহর জেলা সম্মেলন ও ঈছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এ সম্মেলন চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডের ওয়্যারলেছ খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্স মাঠে গত বৃহস্পতিবার বাদ আছর থেকে শুরু হয়ে শুক্রবার বাদ জুমা আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমিরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর আলহাজ মাও. শাহ্ মোহাম্মদ মোহেববুল্লাহ। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান জামানায় বহু ওয়াজ নসিয়ত হচ্ছে। এসব ওয়াজ নসিয়ত কি শোনার জন্য না আমলে আমলের জন্য? ফিৎনার জামানায় আল্লাহর দুনিয়া থেকে বিদায় নিতে হবে খাটি মুসলমান হয়ে। হক্কানী আলেমের অনুসরণ করলে রাসূলের অনুসরণ করা হয়। হক্কানী আলেম হয় আমলের মাধ্যমে। আজ আলেম নাম নিয়ে ওয়াজের মধ্যে নিজের নতুন নতুন মত সৃষ্টি করছে। আবার ওয়াজের নামে হক্কানী পীর মাশায়েখদের বিরুদ্ধাচারণ করতে শোনা যাচ্ছে। এ দেশে যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি তারা হলেন হক্কানি পীর মাশায়েখ। এসব পীর-মাশায়েখ তারা মাযহাব মানতেন। আর ঐসব ব্যক্তিরা আলেম নামধারী হয়ে মাযহাবের বিরুদ্ধে কথা বলছে। আমরা হানাফী মাযহাবের। চার মাযহাবে ইমামই হক। আমরা হানাফী মাযহাবের অনুসরণ করি। তারাবির নামাজ ৮ রাকাত নয়, ২০ রাকাত। যারা তারাবিহ নামাজ নিয়ে ভ্রান্ত কথা বলে তাদের থেকে সাবধান থাকতে হবে। আজ দেশে বহু মাদ্রাসা আছে সেখানে সুন্নতের বালাই নেই। সুন্নতের আমলের পরিবেশ করতেই সমগ্র বাংলায় দীনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করছি।
তিনি আরো বলেন, যিনি হুকুম মানেন তিনিই পীরের মুরিদ। পীর, মুরীদ করেন আল্লাহর সন্তুষ্টির জন্য, পীর কে খুশি করার জন্য নয়। পীর ছাহেব সকলকে উদ্দেশ্য করে বলেন, সুন্নতের উপর আমল করার চেষ্টা করবেন। জাহেলিয়াতের সুরাত ছেড়ে সুন্নাতের বেশ দরুন। তরিকা চর্চা করা পীর আউলিয়াদের দেখানো পথ। এ পথে মানুষ আল্লাহ ওয়ালা হয়। আপনার সন্তানকে আমলি পরিবেশ শেখান।
মাহফিলে কুরআন-সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জমইয়াতে হিযবুল্লাহর কেন্দ্রিয় নায়েবে আমীর মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাফেজ মাও. রুহুল আমিন, ছারছীনা দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাও. রুহুল আমিন সালেহী, জমইয়াতে হিযবুল্লাহর কেন্দ্রিয় মুবাল্লেগ মাও. রুহুল আমিন আফসারী, যুব হিযবুল্লার কেন্দ্রিয় সভাপতি কাজী মফিজ উদ্দিন জিহাদী, ছারছীনা দারুচছুননাত জামেয়া-এ-নেছারিয়ার মুহাদ্দিস মাও. মুহিব্বুল্লাহ আল মাহমুদ, ছাত্র হিযবুল্লাহর কেন্দ্রিয় সভাপতি মুহাম্মদ এনায়েতুল্লাহ ফয়রাবী ও মহাসচিব মো. মোস্তাফিজুর রহমান মোস্তাফী প্রমুখ।
জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি হাজি আব্দুল আহাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাও. মোহাম্মদ সাইফুদ্দিন খন্দকারের পরিচালনায় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাসিম উদ্দিন, পরিদর্শক (তদন্ত) মো. হারুনুর রশিদ, সদর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সালাউদ্দিন আহমেদ জিন্নাহ, আহমদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. মোস্তাফিজুর রহমান খান, বাগাদী দরবার শরীফের পীরজাদা মাও. মোহাম্মদ মাহফুজ উল্ল্যাহ খান ইউসুফী, মদনা দরবার শরীফের পীরজাদা শাহ মো. কাওছার, জমইয়াতে হিযবুল্লাহর বিভিন্ন উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ছারছীনা দরবারের আল্লামা শাহ সুফি নেছারুদ্দীন আহমদ (রহ.) ৬৮ তম ও মুজাদ্দিদে জামান আল্লামা শাহ সুফি আবু জাফর মোহাম্মদ ছালেহ (রহ.) ৩০ তম এন্তেকাল বার্ষিকী উপলক্ষে ঈছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়।