শাহ্ আলম খান
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাস্ক না পরে প্রকাশ্যে চাঁদপুরের বিভিন্ন স্থান ও সড়ক, মার্কেট ও জনাসমাগমস্থলে চলা-ফেরা করার কারণে পৃথক ২টি ভ্রাম্যমাণ আদালতে ৯০জনকে ১১ হাজার ২শ’ ৫০টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য সেকেন্ড ওয়েভ মোকাবেলায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণের লক্ষ্যে রোববার (২২ নভেম্বর) জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের নেতৃত্বে বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ ২টি স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা স্বাস্থ্যবিধির উপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
শহরের ইলিশ চত্বর ও পাল বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটরা হলেন- ইমরান মাহমুদ ডালিম ও মোহাম্মদ উজ্জ্বল হোসেইন।
চাঁদপুর শহরের ইলিশ চত্বর (পুরাতন বাস স্ট্যান্ড) এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান-মাহমুদ ডালিম স্বাস্থ্যবিধি সংক্রান্ত পেনাল কোড ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক ৬৫টি মামলায় ৬৫ জনকে বিভিন্ন অংকের ৭ হাজার ৭শ’ টাকা জরিমানা করা হয়। ইলিশ চত্বর এলাকায় ভ্রাম্যমাণ আদালত মনিটরিং করেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান নিজে এবং এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
অপরদিকে শহরের পাল এলাকায় মোহাম্মদ উজ্জ্বল হোসেইন একই ধারায় ২৫টি মামলায় ২৫ জনকে বিভিন্ন অংকে ৩ হাজার ৫শ’ ৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। ব্যাটারি চালিত অটোরিক্সা, সিএনজি, মাইক্রোবাসসহ গাড়িচালক, যাত্রী ও সর্বসাধারণকে সতর্ক করতে হ্যান্ড মাইক ধারায় সচেতনমূলক প্রচারণা করেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। ড্রাইভারকে মাস্ক ছাড়া রাস্তায় বের না হওয়া এবং মাস্কবিহীন যাত্রীদের গাড়িতে না উঠানোর জন্য অনুরোধ করা হয়। জেলা প্রশাসকের নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ শহরের পাল বাজার ও (পুরাতন বাসস্ট্যান্ড) ইলিশ চত্বর এলাকায় বিনামূল্যে ৫শ’ মাস্ক বিতরণ করেন।
২৩ নভেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে জেলা প্রশাসকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
