নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে কাভার্ড ভ্যান ও সিমেন্টবাহী পিক-আপের মুখোমুখি সংঘর্ষে পিক-আপ ভ্যান চালক মনির হোসেন নিহত হয়েছে। এ ঘটনায় ফরিদগঞ্জ থানায় ২০১৮ সালের সড়ক নিরাপত্তা আইনের ৯৮/১০৫ ধারায় মামলা (নং-৩৫, তাং ২২/১১/২০২০) দায়ের হয়েছে। পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দ করেছে। দুর্ঘটনার পরপরই কাভার্ড ভ্যান চালক পালিয়েছে।
ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক আ. রাজ্জাক জানান, শনিবার দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের বারপাইকা সাকিনের বাঁশতলা নামক স্থানে একটি মোহাম্মদীয় ট্রান্সপোর্ট এজেন্সির কাভার্ড ভ্যান ও সিমেন্টবাহী একটি পিক-আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এঘটনায় পিক-আপ ভ্যান চালক মনির হোসেন মারাত্মক আহত হয়। পরে তাকে উদ্ধার প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথিমধ্যে সে মারা যায়। পরে তার পরিবারের লোকজনসহ ফরিদগঞ্জ থানায় এসে তার স্ত্রী পপি আক্তার বাদী হয়ে রোববার সকালে ২০১৮ সালের সড়ক নিরাপত্তা আইনের ৯৮/১০৫ ধারায় মামলা (নং-৩৫, তাং ২২/১১/২০২০) দায়ের হয়েছে। যা এ ধারায় ফরিদগঞ্জ থানায় প্রথম মামলা।
মনির হোসেন লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার ইটেরপুল এলাকার আবুল হাসেমের ছেলে। পরে পুলিশ মোহাম্মদীয় ট্রান্সপোর্ট এজেন্সির কাভার্ড ভ্যান ( ঢাকা মেট্রো-খ-১১-১৫৬০) জব্দ করেছে। দুর্ঘটনার পরপরই কাভার্ড ভ্যান চালক পালিয়ে যায়।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন ২০১৮ সালের সড়ক নিরাপত্তা আইনের ৯৮/১০৫ ধারায় মামলা ও মোহাম্মদীয় ট্রান্সপোর্ট এজেন্সির কাভার্ড ভ্যানটি জব্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন।
২৩ নভেম্বর, ২০২০।
