চাঁদপুরে ট্রেনের নিচে আত্মহত্যাকারী যুবকের পরিচয় মিলেছে

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যাকারী যুবকের পরিচয় মিলেছে। সে শহরের নতুন বাজার গাঙ্গুলী পাড়ার বাসিন্দা মৃত নিহার চন্দ্র দাশের ছেলে দীপক চন্দ্র দাশ (৪২)। ঘটনার পর খবর পেয়ে চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মুরাদ উল্যাহ্ বাহার ঘটনাস্থল থেকে খন্ড বিখন্ড হওয়া লাশ উদ্ধার করে চাঁদপুর রেলওয়ে থানায় নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, সে অবিবাহিত যুবক, সে একটি দোকান কর্মচারী ছিল। পারিবারিক কলহের কারণে সে আত্মহত্যা করেছে।
ঘটনাটি ঘটেছে, গত সোমবার রাত অনুমান সোয়া ৯টায় শহরের ওয়ারলেছ রেলক্রসিং এলাকায়। মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ৩টায় যুবকের লাশের ময়নাতদন্ত শেষে রেলওয়ে পুলিশ লাশ তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা দায়েরের পর রেলওয়ে পুলিশ ও পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) এর সহযোগিতায় বিষয়টি ব্যাপকভাবে তদন্ত করছে বলে রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মুরাদ উল্যাহ্ বাহার জানান।
পিবিআই চাঁদপুর জোনের পুলিশ পরিদর্শক আতিকুর রহমান জানান, ক্ষতবিক্ষত লাশের আঙুলের চাপ সংগ্রহ করে বিশেষ তথ্য প্রযুক্তির মাধ্যমে যুবকের পরিচয় নিশ্চিত করা গেছে।
প্রত্যক্ষদর্শী শহরের ওয়ারলেছ বিশ্বরোড রেলক্রসিং এলাকার গেটম্যান মো. মফিজুর রহমান মোল্লা জানান, চট্টগ্রাম থেকে সোমবার বিকেলে ছেড়ে আসা আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর-লাকসাম রেলপথের ওয়ারলেছ বিশ্বরোড রেলক্রসিং অতিক্রমকালে পূর্ব থেকে প্রস্তুতি নিয়ে থাকা যুবক ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এতে তার শরীর খন্ড-বিখন্ড হয়ে যায়। পরে বিষয়টি গেটম্যান মো. মফিজুর রহমান মোল্লা চাঁদপুর রেলওয়ে থানাকে জানালে পুলিশ নিহত যুবকের লাশটি উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে যায়।
রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মুরাদ উল্যাহ্ বাহার জানান, খবর পেয়ে পুলিশ ফোর্সসহ যুবকের লাশটি উদ্বার করে সুরুতহাল রিপোট প্রস্তুত করে ময়না তদন্ত করার জন্য চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়। মঙ্গলবার পোস্টমডেম রিপোটের পর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করে তদন্ত করা হচ্ছে কেন যুবক আত্যহত্যা করেছে।
০১ সেপ্টেম্বর, ২০২১।