চাঁদপুরে ডাকাতিয়া নদীর ভাঙনরোধে এলাকাবাসীর মানববন্ধন

স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের গুণরাজদী এলাকায় ডাকাতিয়া নদীর দক্ষিণ পাড় ভরাট করায় উত্তর পাড়ে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ভাঙন থেকে নদীর পাড় রক্ষা করতে নারী, পুরুষ ও শিশুসহ প্রায় শতাধিক পরিবার মানববন্ধন করেছে।
গতকাল সোমবার সকাল ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেন এলাকাবাসী। এ সময় তারা তাদের বাড়ি-ঘর, মসজিদ, সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বসতঘর রক্ষায় সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান।
ক্ষতিগ্রস্তদের অভিযোগ, ডাকাতিয়া নদীর দক্ষিণ পাড়ে বেসরকারি কোম্পানী একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে করে নদী ভরাট করায় সরাসরি নদীর পানির ¯্রােত উত্তর পাড়ে এসে আঘাত করে। চলমান এই ভাঙন বর্ষায় আরো ভয়াবহ রূপ ধারণ করবে। সংশ্লিষ্ট দপ্তরগুলো ব্যবস্থা গ্রহণ না করলে এলাকার ১০টি বাড়ির ২ শতাধিক পরিবার ও সব স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে যাবে।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দা হাবীবুর রহমান গাজী, ফারুক দর্জি বক্তব্যে বলেন, নদী ভাঙন রক্ষায় তারা প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী স্থানীয় সংসদ সদস্য ডা. দীপু মনি, স্থানীয় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, পৌরসভার মেয়র বরাবর আবেদন করেছেন। কারণ এর আগেও নদী ভাঙনে কয়েকটি বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে।