স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মানহীন ভেজাল নকল স্যাভলন, হ্যান্ড ওয়াশ ও স্যানিটাইজারসহ একজনকে আটক করেছে। শনিবার (২৩ মে) দুপুরে শহরের চিত্রলেখা মোড় এলাকার নিলুফা ভবনের দোতলা থেকে এসব ভেজাল সামগ্রী জব্দ করা হয়। এসময় কলিম নামে একজনকে আটক করা হয়।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়ুয়ার নেতৃত্বে এসআই রেজাউল করিমসহ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায়।
এ সময় নামীদামি কোম্পানীর নামের স্টিকার সাঁটানো বিপুল পরিমাণ নকল স্যাভলনক্স, স্যাভলো, সেফ নিউ ফর্মূলা, হ্যান্ড হাউজিয় এক্স, হ্যান্ডওয়াশ ও স্যানিটাইজারসহ একজনকে আটক করা হয়।
গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়ুয়া জানান, আটক কলিম করোনা পরিস্থিতি শুরুর পর থেকেই এ ধরনের ভেজাল ও নকল স্যাভলন, হ্যান্ডওয়াশ, স্যানিটাইজার রাজধানী ঢাকা থেকে বিভিন্ন ফলের কার্টুনে করে চাঁদপুরে নিয়ে এসে নিজে বাসায় বসে এসিআই’র পরিবর্তে নকল ওসিআই অথৈই কেমিক্যাল কোম্পানির পণ্য এনে জেলার বাজারের দোকানে বিক্রি করছেন।
তিনি আরও বলেন, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষার এ সব সামগ্রীর ব্যাপক চাহিদা থাকায় এবং বেশি লাভের লোভে সে এমন ব্যবসা শুরু করে।
অভিযানে এক লিটারের ৫০০ কন্টেইনার ভেজাল ও নকল স্যাভলন, ৫০০ পিস হ্যান্ডওয়াশ ও স্যানিটাইজার অভিযুক্ত ব্যক্তির বাসা থেকে জব্দ করা হয়েছে।
২৬ মে, ২০২০।
