ফরিদগঞ্জে চুরি হওয়া ট্রাক উদ্ধার

নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে পৌনে চারশ’ ফ্রেশ সিলিন্ডার গ্যাস ভর্তি একটি ট্রাক চুরি হওয়ার ৬ দিন পর ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ। তবে গ্যাস সিলিন্ডারের কোন হদিস পাওয়া যায়নি।
জানা গেছে, গত ২১ মে ভোরে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে ট্রাকটি চুরি হয়।
সিলিন্ডার গ্যাসের এজেন্ট টুটুল পাটওয়ারী জানান, তিনি ও তার ব্যবসায়িক পার্টনার মাসুদ পারভেজ ফ্রেশ কোম্পানীর সিলিন্ডার গ্যাসের স্থানীয় এজেন্ট। তারা নিজেদের ট্রাক (ঢাকা মেট্রো-ড-১৪-৬৮১৪) দিয়ে নিয়মিত গ্যাস সিলিন্ডার আনা-নেয়া করেন। রাতে গাড়ি আসলে তারা বাসস্ট্যান্ডে তা’ রাখেন। ভোরে গোডাউনে নিয়ে গিয়ে গাড়ি আনলোড করেন।
এরই ধারাবাহিকতায় বুধবার (২০ মে) রাতে ৩৭৫টি সিলিন্ডারবাহী ট্রাকটি চালক মানিক হোসেন প্রতিদিনের মতো গাড়িটি বাসস্ট্যান্ডে রেখে বাড়ি যান। বৃহস্পতিবার ভোরে তিনি বাসস্ট্যান্ডে এসে দেখতে পান ট্রাকটি নেই। ট্রাক জিপিএস সিস্টেম থাকায় তারা দেখতে পান ট্রাকটি রাত ৩টার দিকে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে চোরের দল চুরি করে। পরে ফরিদগঞ্জ-চাঁদপুর সড়কের বাগড়া বাজার পর্যন্ত জিপিএস সিস্টেমের কারণে যেতে দেখা যায়। এরপর সেটি অকার্যকর হয়ে পড়ায় আর সন্ধান পাননি।
এ ব্যাপারে ওই প্রতিষ্ঠানের পক্ষে জহিরুল ইসলাম মামলা দায়ের করলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুরুল ইসলাম ট্রাকটির সন্ধান শুরু করেন। পরে কয়েকদিন আগে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে গাড়ির পিছনে থাকা মোবাইল নম্বরে ফোন আসে। সেই সূত্র ধরে পুলিশ ও গাড়ির মালিক ট্রাকটিকে পরিত্যক্ত অবস্থায় তা’ উদ্ধার করেন। তবে গাড়ির মধ্যে থাকা প্রায় ১০ লাখ টাকার সিলিন্ডার গ্যাসের সন্ধান মিলেনি।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুরুল ইসলাম বলেন, গাড়িটি উদ্ধারের পর গ্যাস সিলিন্ডারগুলোর সন্ধানও অব্যাহত রয়েছে।

২৮ মে, ২০২০।