
বিশেষ প্রতিনিধি
চাঁদপুরে নাবালক ৩ সিএনজি চালিত স্কুটার চালককে আটক ও ৩টি স্কুটার জব্দ করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে শহরের হকার্স মার্কেটের সামনে ৩ অপ্রাপ্ত বয়স্ক চালক সিএনজিচালিত স্কুটার চালনার সময় তাদের আটক করেন চাঁদপুর সদর সার্কেল অফিসের এলসি মো. আবদুল্লাহ্ আল নোমান (নাঈম)।
জানা যায়, পবিত্র রমজান মাসে চাঁদপুরবাসীর নিরাপদে চলাচল, শহরের যানজট নিরসন ও চাঁদপুরবাসী তথা বিভিন্ন স্থানের যাত্রীদের নিরাপদে যাতায়তের প্রয়োজনীয়তার দিক বিবেচনা করে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরীর নির্দেশে এলসি মো. আবদুল্লাহ্-আল-নোমান (নাঈম) শহরের হকার্স মার্কেটের মোল্লা হার্ডওয়ারের সামনে পৃথকভাবে অভিযান চালিয়ে বেপরোয়া গতিতে সিএনজি চালিত স্কুটার চালানোর সময় অপ্রাপ্ত বয়স্ক ৩ জন চালককে ৩টি সিএনজি চালিত স্কুটারসহ আটক করে। এ সময় সিএনজি চালিত স্কুটার (নং-থ-১১-৬১৫৫, থ-১১-৪১১৯ ও থ-১১-২০২৮) জব্দ করা হয়। আটক চালকরা ড্রাইভিং লাইন্সেস ও গাড়ির প্রয়োজনীয় কাগজ পত্র দেখাতে পারেনি।
আটক চালকরা হচ্ছে- সবুজ সরকার, আকবর পাটওয়ারী ও ছাব্বির প্রধানিয়া। আটক চালকদের চাঁদপুর সদর ট্রাফিক অফিসে হস্তান্তর করা হলে এদের জরিমানা করে ছেড়ে দেয়া হয়। জব্দকৃত সিএনজি চালিত স্কুটারের মালিকের বিরুদ্ধে পৃথকভাবে মোটরযান আইনে মামলা দায়ের করা হয়।
