করোনা আক্রান্ত রোগীদের দ্বিতীয় টেস্ট ছাড়াই এখন সুস্থ ঘোষণা করা হচ্ছে। যাদের করোনা শনাক্ত হওয়ার পর ১৪ দিন এবং ২১ দিনের মধ্যে কোন উপসর্গ না থাকে তাদের কোন ধরনের টেস্ট ছাড়াই সুস্থ ঘোষণা করছে স্বাস্থ্য বিভাগ। ইতোমধ্যেই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের এ ধরনের একটি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এজন্য গত ৩ দিনে পরীক্ষা ছাড়াই প্রায় ৩শ’ রোগীকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৭ জুলাই একদিনেই চাঁদপুরের একযোগে ২শ’ ৫৪ জনকে সুস্থ ঘোষণা করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. সানিয়া তহমিনা ঝোরা স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, National guidelines on Clinical Management of Coronavirus Disease 2019 version 7.0 অনুযায়ী রোগীর কাজে যোগদান বা ডিসচার্জ প্রদানে ফলোআপ টেস্টিং আর প্রয়োজন নেই। তথাপি বাংলাদেশের বিভিন্ন কোভিড-১৯ পিপিআর ল্যাবরেটরিতে আসা স্যাম্পল এখনও ফলোআপ রোগী থেকে সংগৃহীত হয় বলে বিভিন্ন মাধ্যমে গোচরীভূত হয়। এ অবস্থায় SARS CoV 2 নির্ণয়ের পরীক্ষার নমুনা গাইডলাইন অনুযায়ী (প্রযোজ্য ক্ষেত্রে) সংগ্রহ ও টেস্টের জন্য প্রেরণের জন্য নির্দেশনা প্রদান করা হলো।
চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজেদা পলিন বলেন, দ্বিতীয় নমুনা না নেয়ার জন্য নির্দেশনা কয়েকদিন আগে দেয়া হয়েছিল। তারপরও আমরা দ্বিতীয় নমুনা নিচ্ছিলাম। এ কারণে আবারও চিঠি দেয়া হয়।
তিনি বলেন, গতকালও সদর উপজেলায় ১শ’ ৩ জনকে সুস্থ ঘোষণা করেছি। এর মধ্যে অর্ধেকের বেশি হবে দ্বিতীয় নমুনা পরীক্ষা ছাড়াই সুস্থ ঘোষণা করা হয়।
তিনি বলেন, রোগী সুস্থ হয়ে গেলেও পজেটিভ আসতে পারে। একমাস পরও পজেটিভ আসতে পারে। কারণ, রোগী সুস্থ হওয়ার পর ভাইরাসের মৃত ভগ্নাংশের কারণেও পজেটিভ আসতে পারে। কিন্তু রোগীর মাধ্যমে ভাইরাসটি ছড়াবে না। এ কারণে শুধু শুধু স্যাম্পল নিয়ে ঝামেলা করার দরকার নেই। আমি ১৪ দিন পর করোনা রোগীর অবস্থা দেখে সুস্থ বলি। আর বলে দেই আরও ১৪ দিন অথবা অন্তত ৭ দিন ঘরে থাকার পরামর্শ দেই।
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম কাউছার হিমেল বলেন, এ উপজেলা থেকে এখন পর্যন্ত শনাক্ত হওয়া রোগীদের মধ্যে ৮০ ভাগই দ্বিতীয় নমুনা পাঠানো হয়েছে। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা পাওয়ার পর উপসর্গ না থাকা এবং ১৪ দিন পার হওয়ায় কয়েকজন রোগীকে সুস্থ ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, যেহেতু এখন নির্দেশনা এসেছে তাই আর দ্বিতীয় নমুনা সংগ্রহ করা হবে না। করোনা আক্রান্ত হওয়ার ১৪ দিন পর উপসর্গ না থাকলে, সুস্থ ঘোষণা করা হবে।
সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ বলেন, যাদের ১৪ দিন থেকে ২১ দিন পার হয়েছে তাদের পরীক্ষা ছাড়াই সুস্থ ঘোষণা করা হচ্ছে। যখন আমাদের কাছে চিঠি আসলো দ্বিতীয় নমুনা আর যাবে না তখন থেকেই আমরা আর দ্বিতীয় নমুনা সংগ্রহ করছি না। তিনি বলেন, চিঠি অনুযায়ী ১৪ দিন যাদের পার হয়েছে তাদের সুস্থ ঘোষণা করা হবে। আর যাদের কিছু উপসর্গ থাকে তাদের ২১ দিন পর সরাসরি সুস্থ ঘোষণা করা হবে। দ্বিতীয় নমুনা সংগ্রহ এবং পরীক্ষা আর হবে না।
তিনি জানান, গত দু’তিন দিন ধরে এ পদ্ধতিতেই প্রায় ৩শ’ জন রোগীকে সুস্থ ঘোষণা করা হয়েছে।
০৯ জুলাই, ২০২০।

