চাঁদপুরে বিকাশ প্রতারক থেকে সাবধান!

শাহ আলম খান
‘আপনার নম্বরে টাকা পাঠানো হয়েছে, আপনার একাউন্ট হালনাগাদ করতে হবে’ ইত্যাদি বলে লোকজনের সাথে প্রতারণা করার চেষ্টা করছে একটি সংঘবদ্ধ চক্র। ঈদকে সামনে রেখে তারা এখন আরো সক্রিয় হয়ে উঠেছে। এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য মোবাইল ব্যাংকিং কোম্পানী বিকাশ থেকে অনুরোধ করা হলেও অনেক সময় সহজ সরল মানুষগুলো অথবা কেউ লোভে পড়ে প্রতারক চক্রের ফাঁদে পড়ছে।
১০ দিন আগে এবং গত মঙ্গলবার (৭ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে পৃথক দু’টি নম্বর থেকে চাঁদপুর শহরের একজন সমাজকর্মীর ব্যক্তিগত মোবাইল নম্বরে ফোন আসে। দু’টি ফোনের অপর প্রান্ত থেকে একই ধরনের প্রশ্ন। ‘আপনার বিকাশ নম্বরে ৫১০০ টাকা পাঠানো হয়েছে, পেয়েছেন।’ উত্তরে ওই ব্যক্তি বলছেন, না আমাকে কেউ টাকা পাঠায়নি এবং আমি কোন টাকা পাইনি।’ উভয় নম্বরের ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয় আপনি কে? এমন প্রশ্নে অপরপ্রান্ত থেকে লাইন কেটে দেয়া হয়। নম্বরগুলো হচ্ছে-০১৮৮৯-৭৯১৯০৭ ও ০১৬০৯-৬০১৪৪৬। পরবর্তীতে ওই দুই নম্বরের মধ্যে রবি নম্বরটি ফোন করে বন্ধ পাওয়া যায় এবং এয়ারটেল নম্বরটিতে ফোন করলে রিসিভ করে হোল্ড করে রাখা হয়।
এ বিষয়ে চাঁদপুরের তথ্য প্রযুক্তি এক্সপার্ট একজন পুলিশ কর্মকর্তার সাথে আলাপ করলে তিনি জানান, তাদের আসলে ওই নম্বরে ফোন করলে আর পাওয়া যায় না। কারণ তারা অন্য জেলার লোকজনের এনআইডি দিয়ে সীমগুলো একটিভ করে। যার কারণে তাদের খুঁজে পাওয়া অসম্ভব হয়ে পড়ে। এছাড়া যারা সীম বিক্রেতা তারা এসব কাজের সাথে জড়িত থাকেন। কোন ব্যক্তি সীম ক্রয় করতে আসলে তারা আঙ্গুলের চাপ একাধিকবার নিয়ে অতিরিক্ত সীম বিক্রি করেন।
করোনা পরিস্থিতিতেও এ ধরনের প্রতারক চক্র থেমে নেই। তাদের এ ধরনের ফাঁদ থেকে রক্ষা পেতে যাদের মোবাইল ব্যাংকিং একাউন্ট রয়েছে তাদের আরো সতর্ক হওয়া ছাড়া বিকল্প নেই।

০৯ জুলাই, ২০২০।