চাঁদপুরে পুলিশ সুপারসহ ৮৯ পুলিশ সদস্য করোনা আক্রান্ত, সুস্থ ২৯

শাহআলম খান
করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ও জনসচেতনতা বৃদ্ধির দায়িত্ব পালন করতে গিয়ে চাঁদপুরের এসপি মো. মাহবুবুর রহমানসহ এ পর্যন্ত ৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৯ জন।
এপ্রিল মাস থেকে রোববার (৫ জুলাই) পর্যন্ত পর্যায়ক্রমে পুলিশ সদস্যরা করোনায় আক্রান্ত হয়েছেন। চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার ইনচার্জ মো. আবু জাফর এসব তথ্য নিশ্চিত করেছেন।
জেলার বিভিন্ন থানা, পুলিশ সুপার কার্যালয়, পুলিশ লাইনস্রে পুলিশ সদস্যরা করোনায় আক্রান্ত হন। এর মধ্যে হাইমচর থানার ওসি এবং বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। হাইমচর থানার থানারও ওসিসহ বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা ইতোমধ্যে সুস্থ হয়েছেন এবং খুব শীঘ্রই কাজে যোগদান করবেন।
এদিকে চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান আক্রান্ত হওয়ার পরদিনই ঢাকায় চলে যান। তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ সুপারের সুস্থতা কামনায় তিনি চাঁদপুরবাসীসহ সবার কাছে দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, চাঁদপুর জেলা সদরসহ জেলার ৮ থানায় দায়িত্বরত পুলিশ করোনা পরিস্থিতির শুরু থেকে প্রশাসনের সব কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার পাশাপাশি নিয়মিত কাজে সক্রিয় ছিলেন। শুরুতে পুলিশ সদস্যদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী না থাকলেও পরবর্তীতে তাদের প্রদান করা হয়।

০৬ জুলাই, ২০২০।