চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কামরুল ইসলাম ভূঁইয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লহে……রাজিউন)। রোববার (৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টায় ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৪৮ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
কামরুল ইসলাম ভূঁইয়া দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও লিভার ক্যান্সারসহ বিভিন্ন অসুখে ভুগছিলেন। কয়েক মাস আগে তিনি ভারতে চিকিৎসা নিয়েছেন। মরহুমের পরিবার সূত্রে জানা যায়, সোমবার বাদ আছর লক্ষ্মীপুর ইউনিয়নের নিজ এলাকায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে কামরুল ইসলাম ভূঁইয়ার মৃত্যুতে নিজ এলাকা এবং দলীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
উল্লেখ্য, কামরুল ইসলাম ভূঁইয়া চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন বিএনপির সভাপতি ছাড়াও জেলা মৎস্যজীবী দলের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি নিজ এলাকায় বহু সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন।
০৬ জুলাই, ২০২০।

