চাঁদপুরে প্রস্তাবিত নৌ-পুলিশের জোনাল অফিসের স্থান পরিদর্শনে ডিআইজি

স্টাফ রিপোর্টার

চাঁদপুরে প্রস্তাবিত নৌ-পুলিশের জোনাল অফিসের স্থান পরিদর্শন করেছেন নৌ-পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম। শনিবার (১৮ জুলাই) তিনি চাঁদপুর শহরের ইচলী ঘাটস্থ কোস্টগার্ড স্টেশনের পাশে ব্যক্তি মালিকানাধীন স্থানটি পরিদর্শন করেন।

এসময় তিনি জানান, চাঁদপুরে নৌ-পুলিশের নিজস্ব কার্যালয় নেই। এতদিন এখানে ভাড়ায় চালিত অফিসে নৌ-পুলিশের কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। যার কারনে এই জেলাকে গুরুত্ব দিয়ে এখানে একটি আধুনিক এবং উন্নতমানের জোনাল অফিস করা হবে। মূলত এই অফিসটি করার জন্যই আমরা শহরের অদূরে এই স্থানটিকে পরিদর্শন করতে করেছি। এছাড়া ইতিমধ্যে শহর এরাকায় আরেকটি একটি স্থান নির্ধারণ করেছিলাম।

তিনি আরো জানান, যেহেতু এটি সরকারি প্রতিষ্ঠান। সরকারি অর্থে এটি নির্মাণ করা হবে। তাই আমরা সরকারের লাভকে সবার আগে প্রাধান্য দিবো। দুটি স্থানের মধ্যে যেখানে জমির মূল্য কম হবে এবং যাতায়াত ব্যবস্থা ভালো থাকবে সেখানে আমরা নৌ-পুলিশের জোনাল অফিস করব।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, নৌ-পুলিশের এসপি (প্রশাসন) শফিকুল ইসলাম, সিনিয়র এএসপি শিবলী কায়সার, ইসমাইল মিয়া, চাঁদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ, জমির মালিক এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জি. আব্দুর রব ভূঁইয়া, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম ভূঁইয়াসহ আরো অনেকে।

উল্লেখ্য, চাঁদপুরে নৌ-পুলিশের এই জোনাল অফিসে থাকবে নৌ পুলিশ ইউনিটের নিয়ন্ত্রণাধীন, পুলিশ সুপার, চাঁদপুর অঞ্চল এবং চাঁদপুর সদরের অফিসারদের আবাসিক কোয়ার্টার, অফিস ভবন, ফোর্সের ব্যারক ভবনসহ অন্যান্য স্থাপনা।

১৯ জুলাই, ২০২০।