চাঁদপুরে ফটোজার্নালিস্টের কমিটির পরিচিতি সভা ও কটি বিতরণ

একটি ছবি হাজার ঘটনার কথা বলে
….শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, আগে সব সাংবাদিকরা এক ব্যানারে থাকতো। এখন এতো বিশেষায়িত হয়েছে সবার নিজস্ব সংগঠন আছে। আর এসব সংগঠনের মধ্যে ফটো জার্নালিস্ট খুবই গুরুত্বপূর্ণ একটি সংগঠন। কারণ, এক একটি ছবি আমাদের ইতিহাসের পাক বদলের এক একটি ঘটনা। একটি ছবি হাজার ঘটনার কথা বলে।
গতকাল রোববার রাতে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, চাঁদপুর জেলা শাখার ২০২৩-২৪ সালের নবগঠিত কার্যকরি কমিটির পরিচিতি সভা ও কটি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আগে যুদ্ধের মধ্যে বিভিন্ন সেবা সংস্থার লোকজন রক্ষা পেতেন। এখন তা হচ্ছে না। সাংবাদিকতা ক্রমাগত একটি ঝুকিপূর্ণ পেশায় পরিণত হয়েছে। ফিলিস্তিনে গাজার হামলা তার স্পষ্ট প্রমাণ। সেখানে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং চিত্রগুলো গণমাধ্যমে আসছে। আমরা কখনোই গণহত্যাকে সমর্থন করি না। আমরা চাই ফিলিস্তিনের গাজায় এই হামলা বন্ধ হোক।
মন্ত্রী বলেন, আমি নিজে সংবাদপত্রের মানুষের একজন কন্যা হিসেবে আমি এই পরিবারের একজন। কাজেই আপনারা যেমন আমাকে ভালোবাসেন, আমিও আপনাদের ভালোবাসি। তারপরও কেন জানি মাঝে মাঝে একটু ব্যত্যয় ঘটে। কেউ কেউ হয়তো কারো চাপে লিখেন। কিন্তু আমার পক্ষ থেকে আপনাদের প্রতি ভালোবাসার কোন কমতি ছিল না। কারণ আমি মনে করি প্রতিহিংসা ভালো কিছু নয়। আপনাদের সাথে আমার সম্পর্ক আছে ও থাকবে।
ডা. দীপু মনি বলেন, আমরা সবাই মিলে চাঁদপুরের জন্য কাজ করতে চাই, চাঁদপুরকে এগিয়ে নিতে চাই। এখানে অনেক কাজ হয়েছে। আরো অনেক কাজ বাকি আছে। আমরা অনেক কিছু পেয়েছি। দেশ ও বিশ্বকেও আমাদেরও দিতে হবে। সব শেষে তিনি সাংবাদিক ও পরিবারের সদস্যদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদের সবার সুস্থতা কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্ল্যাহ ও সাধারণ সম্পাদক আল ইমরান শোভন।
সংগঠনের জেলা শাখার সভাপতি এম এ লতিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি একে আজাদ ও প্রতিষ্ঠাতা সদস্য গোলাম মোস্তফা।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, শরীফ চৌধুরী, গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, রিয়াদ ফেরদৌস, ফটো জার্নালিস্ট চাঁদপুর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি আলম পলাশ, চাঁদপুর জেলা আওয়ামী লীগ উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রঞ্জিত রায় চৌধুরী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ন কবির সুমনসহ সংগঠনের কার্যকরী নেতৃবৃন্দ ও সদস্যরা।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিসহ অতিথিরা নবগঠিত কমিটির সব সদস্যকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন। এছাড়া সংগঠনের সব সদস্যের মাঝে সংগঠনের লোগো সম্বলিত ‘প্রেস’ লেখা নতুন কটি তুলে দেন অতিথিরা।

১৮ ডিসেম্বর, ২০২৩।