মতলব উত্তর ব্যুরো
চাঁদপুরে মহিলা আওয়ামী লীগ নেত্রী অধ্যক্ষ শাহিন সুলতানা ফেন্সি হত্যা মামলার আসামি লিমন খানকে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ। গত শুক্রবার সকালে আটক লিমন খানকে পুলিশি পাহারায় আদালতে সোপর্দ করা হয়।
গত বৃহস্পতিবার রাতে মতলব উত্তর থানার এসআই রমিজ উদ্দিন, এসআই আবু বকর, এএসআই মোজাম্মেল হক অভিযান চালিয়ে মতলব উত্তর উপজেলার রাঢ়ীকান্দি নিজ বাড়ি থেকে লিমন খানকে গ্রেপ্তার করে। লিমন খান রাড়ীকান্দি গ্রামের আবুল হোসেন খানের ছেলে।
উল্লেখ্য, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রিয় সদস্য ও ফরিদগঞ্জের গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহিন সুলতানা ফেন্সি ২০১৮ সালের ৪ জুন রাতে চাঁদপুর শহরের নিজ বাসায় নৃশংসভাবে খুন হন। এ খুনের ঘটনায় ওই রাতেই তার স্বামী চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জহিরুল ইসলামকে আটক করা হয়। বর্তমানে তিনি জামিনে রয়েছেন। অ্যাড. জহিরের দ্বিতীয় স্ত্রী জুলেখা বেগমকে ডিবি পুলিশ আটক করে। ঘটনার পর ৫ জুন নিহত ফেন্সির ভাই মো. ফোরকান উদ্দিন খান বাদী হয়ে অ্যাড. জহির ও জুলেখা বেগমসহ চারজনকে আসামি করে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করেন।
চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একজন বিচারকের উপস্থিতিতে ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র রাকিবুল হাসান এ জবানবন্দি দিয়েছেন বলে আদালত ও পুলিশের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
পুলিশের ওই সূত্র জানায়, এই দুই আসামি মামলার এজহারভুক্ত না হলেও মামলার প্রধান আসামি ফেন্সির স্বামী অ্যাড. জহিরুল ইসলাম ও দ্বিতীয় স্ত্রী জুলেখা, জহিরের ভাই-বোনকে আটকের পর রিমান্ড ও অন্যান্য জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে হত্যাকা-ে জড়িত আরো কয়েকজনের নাম, যাদের মধ্যে একজন স্বীকারোক্তি দিয়েছেন।
রাকিবুল হাসানের স্বীকারোক্তির পর পুলিশ জানায়, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডে বেশ কয়েকজন জড়িত রয়েছে। রাকিবের জবানবন্দিতে এসেছে, তারা টাকার বিনিময়ে ভাড়াটে হিসেবে এ হত্যাকাণ্ডে জড়ায়। হত্যাকাণ্ডের সময় রাকিব ফেন্সির পা দু’টি ঝাপটে ধরে আর অন্যরা মাথায় আঘাত করে।
২০ মার্চ, ২০২২।
