
দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে খালেদা জিয়ার মুক্তি অপরিহার্য
………………..আলহাজ সফিউদ্দিন আহমেদ
স্টাফ রিপোর্টার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাতবার্ষিকী, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর ক্লাবে অনুষ্ঠিত চাঁদপুর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। ইফতারের আগে চাঁদপুরে আন্দোলন সংগ্রামে বিএনপি যেসব নেতাকর্মী জীবন দিয়েছি তাদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার ছেলে আরাফাত রহমান কোকোসহ দলীয় নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাগাদী দরবার শরীফের পীর খাজা উয়ালী উল¬্যাহ।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে এবং জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক কাজী গোলাম মোস্তফার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ সফিউদ্দিন আহমেদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, এদেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে খালেদা জিয়ার মুক্তি অপরিহার্য। কারণ, আজ দেশে গণতন্ত্র নির্বাসিত। জনগণের ভোটের অধিকার হরণ করে বর্তমান সরকার একের পর এক কলঙ্কিত অধ্যায় রচনা করে যাচ্ছে।
তিনি আরো বলেন, জিয়াউর রহমানের আদর্শ লালন করে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। আমরা দলে কোন বিভাজন চাই না। আমি চাই দলে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করুক। সব বিবেদ ভুলে শহীদ জিয়ার আদর্শের সৈনিকরা এক হলে চাঁদপুরের বিএনপি অগের মতো আবারো শক্তিশালী হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাড. ইকবাল বিন বাশার, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, বর্তমান কমিটির যুগ্ম-আহ্বায়ক খলিলুর রহমান গাজী, সাবেক যুগ্ম সম্পাদক রাফিউস শাহাদাৎ ওয়াসিম, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. শাহাজাহান মিয়া, সিনিয়র আইনজীবী আবু সালেহ প্রমুখ।
