তারেক রহমানের নির্দেশে বিএনপির বিভিন্ন কমিটি পূনর্গঠন করা হচ্ছে
………শেখ ফরিদ আহমেদ মানিক
নূরে আলম খান
চাঁদপুরে বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন কেন্দ্রিয় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুকে হত্যায় জিয়াউর রহমানকে দায়ী করেন, তেমনি জিয়াউর রহমান হত্যার দায়ীও আপনারা। ক্ষমতায় থেকে আওয়ামী লীগ কাকের মতো অন্ধকারে রয়েছে। আজ চাঁদপুরে নদী ভাঙ্গার প্রধান কারণ বালু কাটা। আপনারা সবাই জানেন, এ বালু কাটার সাথে কারা জড়িত। বালু কাটা বন্ধে জেলা প্রশাসকের কাছে বিএনপি স্মারকলিপি দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি। আমরা আবার যাবো প্রশাসনের কাছে। যদি বালু কাটা বন্ধ না হয়, তাহলে চাঁদপুরের জনগণকে সাথে নিয়ে বৃহৎ আন্দোলনে যাবো। এ বিষয়ে দলের মহাসচিব ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা পেয়েছি।
তিনি আরো বলেন, আপনারা জানেন আমাদের মা, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। বিনা অপরাধে তাকে বিভিন্ন মামলায় জর্জরিত করে রেখেছে। যার জন্য আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে সারা দেশে জেলা-উপজেলার বিভিন্ন কমিটি পূনর্গঠন হচ্ছে। সে হিসেবে বিএনপি, যুবদল, ছাত্রদল পূনর্গঠন হচ্ছে। বিএনপি অনেক বড় দল, কমিটিতে কেউ থাকতে পারবে, কেউ পারবে না। কিন্তু কেউ মন খারাপ করবেন না। শ্রম দিলে যেমন পুরস্কার পাওয়া যায়, তেমনি আপনারা সবাই দলের জন্য শ্রম দিয়ে যাবেন। পুরস্কার একদিন পাবেন। ফেসবুক ও পত্রিকা সংগঠনের পার্ট না। স্কুলে যাওয়া যেমন একটি শিক্ষা, রাজনীতি তেমন একটি শিক্ষা। অপ-রাজনীতি থেকে বিরত থাকতে হবে।
চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খানের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাড. সলিম উল্ল্যাহ সেলিম, মুনির চৌধুরী, কাজী গোলাম মোস্তফা, আক্তার হোসেন মাঝি, ফেরদৌস আলম বাবু, অ্যাড. হারুনুর রশিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ খান, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সস্পাদক হাজি মোশারফ হোসেন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হযরত আলী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাবীবুর রহমান, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্ল্যাহ খোকন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের সভাপতি ঈমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ঈসমাইল হোসেন পাটওয়ারী প্রমুখ।
সভার শুরুতে মিলাদ ও দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাও. জসিম উদ্দিন। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল থেকেই বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠন খণ্ড-খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে আসে।
উল্লেখ্য, বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপি ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিলো- সকালে বিএনপির দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিকাল ৪টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভা।
২ সেপ্টেম্বর, ২০২০।
