স্টাফ রিপোর্টার
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির আয়োজন প্রভাতফেরি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকালে জেলা বিএনপি কার্যালয় থেকে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রভাতফেরি বের করে। পরে কেন্দ্রিয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন নেতৃবৃন্দ।
পরে জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. সলিম উল্যাহ সেলিমের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক দেওয়ান মো. সফিকুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান প্রমুখ।
এসময় বক্তরা বলেন, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস ও বিজয় দিবস ছাড়া আমাদের মাঠে নামতে দেয় না। আওয়ামী লীগের অস্তিত্ব বলতে কিছু নেই, তারা বুঝে গেছে। তাই তারা বিএনপিকে মাঠে নামতে দেয় না। অচিরেই এদেশের মানুষ মাঠে নামবে। শেখ হাসিনার আর কোন আইন মানবো না। দেশের গণমানুষের দাবি আদায় করতে হবে।
এসময় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
২৩ ফেব্রুয়ারি, ২০২২।
