মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার রুহিতারপার দক্ষিণ পাড়া গ্রামের আব্দুল করিম মন্ডলের কাজলী স্টোর নামে মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জানা যায়, সোমবার দিবাগত রাত ৩টার সময় বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হয়েছে।
দোকান মালিক আব্দুল করিম মন্ডল জানান, প্রতিদিনের মত রাতে দোকান বন্ধ করে বাসায় ঘুমাতে যাই। কিন্তু রাত ৩টার সময় আগুন লেগে কাঠ ফুটে যখন শব্দ হচ্ছিল তখন টের পাই। ডাক-চিৎকার দিলে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততোক্ষণে দোকানের সব মালামাল পুড়ে শেষ হয়ে গেছে। দোকানে থাকা ১টি ফ্রিজ, ২টি সেলাই মেশিন, টিভি, আকাশ কাপড়, নগদ টাকাসহ মুদি জাতীয় সব প্রকার মালামাল পুড়ে যায়।
তিনি আরো বলেন, আমি একজন দরিদ্র পরিবারের লোক। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে দোকান করেছি। আগুনে পুড়ে আমি নিঃস্ব হয়ে গেছি। এখন সরকার যদি আমাকে সাহায্য-সহযোগিতা করতো তাহলে আমি উপকৃত হতাম।
২৩ ফেব্রুয়ারি, ২০২২।
