স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা বিএনপির সম্মেলনে অনিয়মের অভিযোগে ৫ জন সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পত্র নিয়ে চাঁদপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেন। উক্ত সম্মেলনে প্রার্থীদের পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সভাপতি প্রার্থী ইঞ্জি. মমিনুল হক।
সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, দীর্ঘদিন পর চাঁদপুর জেলা বিএনপির সম্মেলন হতে যাচ্ছে। আমরা আশা করেছিলাম জেলা বিএনপি একটি সুন্দর সম্মেলন উপহার দিবে। কিন্তু দেখলাম একজন সভাপতি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক পেশী শক্তি ও নির্বাচন কমিশন অগঠনতান্ত্রিক পদ্ধতি ব্যবহার করছে। তিনি গঠনতন্ত্রের অজুহাতে কারো প্রার্থীতা বাতিল, কাউকে হুমকি ধমকী, কেন্দ্রিয় নেতৃবৃন্দের সামনে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের উপর সন্ত্রাসী হামলা এবং কারো কারো বাসা বাড়িতে হামলা চালিয়ে ভীতির রাজ্য কায়েম করার চেষ্টা করছেন। অর্থ্যাৎ তিনি জেলা বিএনপিকে তার একক আধিপত্য বিস্তারে চেষ্টা করছেন। কাউন্সিলরদের প্রদত্ত ভোট কারচুপির মাধ্যমে গননা পেশীশক্তি ব্যবহার করে ফলাফল নিজের পক্ষে নেওয়ার জন্য বারবার তফসিল পরিবর্তন করা হয়। তিনি জেলা বিএনপির সম্মেলনে গঠিত নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তুলেছেন। আমাদের সাংবাদিক সম্মেলন কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, ক্রটিপূর্ণ নির্বাচন ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে।
তিনি বলেন, শেখ ফরিদ আহমেদ মানিক পেশি শক্তি ব্যবহার করে ফলাফল তার পক্ষে নিতে নির্বাচনী তফসিল পরিবর্তন করেছেন। সম্মেলনে সভাপতি প্রার্থী মানিক গঠনতন্ত্রের কোন ধারায় নির্বাচন কমিশনার অ্যাড. শামছুল ইসলাম মন্টু তাকে বৈধ ঘোষণা করলেন। এর সঠিক জবাব নিয়ে সাংবাদিকদের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার জবাব দিবেন বলে আশা করছি। যদি নির্বাচন কমিশনার আমাদের প্রশ্নের সঠিক জবাব দিতে পারেন, তাহলে আমরা মেনে নেব।
আপনারা জানেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টার উপস্থিতিতে দলীয় কার্যালয়ের সামনে আমি ইঞ্জিনিয়ার মমিনুল হকের নেতাকর্মীদের উপর ৪টি ককটেল নিক্ষেপ করে। গঠিত নির্বাচন কমিশন দিয়ে আমাদের ১৫১৫ জন কাউন্সিলরের কাঙ্খিত ফলাফল প্রকাশ ঘটবে না বিধায় আমরা এ নির্বাচন কমিশন মানি না।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিয়াজ ফেরদৌসের পরিচালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, এএইচএম আহসান উল্লাহ, সাংবাদিক শাহাদাত হোসেন শান্ত, কাদের পলাশসহ বিভিন্ন পত্রিকার সম্পাদক এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিকরা।
বিএনপির নেতাকর্মীদের মাঝে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সম্মেলনে সভাপতি প্রার্থী মো. কামাল উদ্দিন, মাহবুবুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক প্রার্থী মো. মোস্তফা খান সফরী, কাজী গোলাম মোস্তফাসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
৩১ মার্চ, ২০২২।
