ফরিদগঞ্জ ব্যুরো
আসন্ন রমজান উপলক্ষে দেশে ১ কোটি নিম্ন আয়ের মানুষকে দেয়া হচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি কার্ড।
এরই মধ্যে ফরিদগঞ্জ পৌরসভায় ও টিসিবির ফ্যামিলি কার্ডে মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩০ মার্চ) সকালে নিম্নআয়ের মানুষদের কাছে টিসিবি ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রয়ের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
পৌরসভার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১১০ টাকা কেজি দরে দেওয়া হবে ২ লিটার সয়াবিন, ৫৫ টাকা কেজিতে ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ৬৫ টাকা দরে কার্ডধারীরা ন্যায্যমূল্যে ক্রয় করতে পারবেন।
চর হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মজিদিয়া আলিয়া কামিল মাদ্রাসার মাঠে পণ্য বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে। এছাড়াও ভাটিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেরোয়া হোসনেয়ারা বালিকা বিদ্যালয়ের মাঠে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রয় করা হবে।
এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আলী আহমদ, পৌর সহকারী প্রকৌশলী মাহমুদুন্নবী মাসুম, পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাহিদ হোসেন, ছাত্রলীগ নেতা রবিউল প্রমুখ।
৩১ মার্চ, ২০২২।
